রাবিতে ছাত্রলীগ নেতার খুনি একমাসেও শনাক্ত হয়নি

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:০৪
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক রোস্তম আলী আকন্দ হত্যার একমাস পার হয়েছে গত রবিবার। পুলিশ এ সময়ে খুনিদের চিহ্নিত করতে পারেনি। উদ্ধার করতে পারেনি হত্যার মোটিভও। গত ৪ এপ্রিল দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ সোহরাওয়ার্দী হল শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সমপাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রোস্তম আলী আকন্দ হলের নিজ কক্ষে (২৩০) গুলিতে মারা যান। মতিহার থানা পুলিশ রোস্তম আলী আকন্দ হত্যা মামলার কোনো অগ্রগতি করতে না পারায় গত ১০ এপ্রিল মামলাটি মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর পরদিন ঘটনাস্থল পরিদর্শন করেন তত্কালীন মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়াউর রহমান। এরপর থেকে পুলিশের আর কোনো অগ্রগতি লক্ষ্য করা যায়নি। ওই ঘটনার একমাস পার হলেও চাঞ্চল্যকর সেই হত্যাকাণ্ডের কোনো কিনারা করতে পারেনি পুলিশ। মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর ইসলাম জানান, আমি নতুন দায়িত্ব নিয়েছি। এরপর ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডের সেই মামলাটি গুরুত্বের সাথে পর্যালোচনা করছি। পুলিশ খুব দ্রুত এর একটি সুরাহা করবে বলেও জানান তিনি।