আরো দুই বছরের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার বোলিং কোচ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক পেসার ক্রেইগ ম্যাকডারমট। ক্রিকেট অস্ট্রেলিয়া সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।
২০১১ সালের মে মাসে নিজের প্রথম মেয়াদে অস্ট্রেলিয়ান পেসারদের সাথে কাজ করার জন্য চুক্তিবদ্ধ হয়েছিলেন ৪৯ বছর বয়সী এই সাবেক পেসার। এরপর গত বছর ইংল্যান্ডের বিপক্ষে এ্যাশেজ হোম সিরিজে তাকে আবারো জাতীয় দলের বোলিং কোচ হিসেবে ফিরিয়ে আনা হয়। ঐ সিরিজে ঘরের মাঠে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে ইংল্যান্ডকে বিধ্বস্ত করে এবং পরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে জয়ী হয়ে দীর্ঘদিন পরে টেস্ট র্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব অর্জন করে। আর এই কৃতিত্বের পিছনে অসি পেসারদের ভূমিকাকেই সর্বাগ্রে বিবেচনা করা হয়। এ সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়ার দলীয় পারফরমেন্স ম্যানেজার প্যাট হাওয়ার্ড এক বিবৃতিতে বলেছেন, ‘জাতীয় দলের বোলিং গ্রুপের মধ্যে ক্রেইগ সত্যিকার অর্থেই গতি ফিরিয়ে এনেছেন। আন্তর্জাতিক অভিজ্ঞতা এবং টেকনিক্যাল বিশেষায়িত জ্ঞানের মাধ্যমে এটাই প্রমাণিত হয়েছে সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ান বোলিং কম্বিনেশন বিশ্বসেরা এবং আমরা এই ধারা বজায় রাখতে চাই।’ -বাসস
