ঝিনাইদহে শ্রমিক নেতা খুন

আপডেট : ০৫ মে ২০১৪, ২২:৪৯
ঝিনাইদহ জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার বিশ্বাসকে (৫০) দুর্বৃত্তরা খুন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। জেলা শহরের আরাপপুরের উকিলপাড়া থেকে গতকাল সোমবার ভোর ৪টার দিকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি জেলা বাস-মিনিবাস শ্রমিক লীগেরও সাধারণ সম্পাদক ছিলেন। এ ঘটনায় গতকাল পরিবহন শ্রমিকরা নিহতের লাশ নিয়ে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। পুলিশের ধারণা, জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের কমিটি নিয়ে বিরোধের জের ধরে তাকে কুপিয়ে হত্যা করা হতে পারে। তার বাবার নাম মরহুম বাবর আলী বিশ্বাস। এদিকে আব্দুল গাফফার বিশ্বাসকে হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে জেলায় আজ মঙ্গলবার সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে পরিবহন শ্রমিক ঐক্য পরিষদ। নিহত শ্রমিক নেতার মেয়ে রূপনা বলেন, বাবা গত রবিবার রাত ১০টার দিকে কয়েকজন শ্রমিকের সাথে বাসা থেকে বের হওয়ার পর রাতে ফিরেননি। ভোরে আমরা তার খুন হওয়ার খবর পাই। ঝিনাইদহ সদর থানার ওসি শাহাবুদ্দিন আজাদ বলেন, তাকে রাত ১২টার দিকে শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যাণ্ডে হাফিজ নামে এক শ্রমিকের সাথে একটি চায়ের দোকানে চা খেতে দেখা যায়। ভোর ৪টার দিকে আরাপপুর উকিলপাড়া মোড়ে তাকে কুপিয়ে মারাত্মক জখম করে ফেলে যায় দুর্বৃত্তরা। টহল পুলিশ তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, তদন্ত ছাড়া এ হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত সে বিষয়ে কিছু বলা যাচ্ছে না।