ডিবি পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের আট সদস্যকে রবিবার রাতে রাজধানীর বাড্ডা থেকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদ্য গঠিত ইউনিট অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াড। গ্রেফতারকৃতরা হলো তাজুল মৃধা ওরফে সুজন ওরফে সুহা, জামাল উদ্দিন, শিপন, ইয়াকুব, মামুন খলিফা, রুবেল, শিমুল সরদার ও রফিকুল্লাহ সাহেদ। তাদের কাছ থেকে একটি শটগান, ২০টি হাতবোমা, একটি ওয়াকিটকি ও একটি হ্যান্ডকাফ উদ্ধার করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া এ্যান্ড পাবলিক রিলেশন শাখায় এক সংবাদ সম্মেলনে গ্রেফতারকৃত এই আটজনকে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। ডিবি’র উপ-কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, এই চক্রটি ডিবি পুলিশ পরিচয়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে মানুষকে অপহরণ করে। এরপর অপহূতের পরিবারের কাছে দাবি করে মুক্তিপণ। এছাড়া তারা বিভিন্ন সময় ডিবি পরিচয়ে বাসার ভেতরে ঢুকে তল্লাশির কথা বলে নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান সামগ্রী নিয়ে চলে যায়। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন জেলায় ডাকাতির কথা স্বীকার করেছে। সংশ্লিষ্ট জেলা পুলিশের কাছে বিষয়টি জানিয়ে তথ্য যাচাই-বাছাই করতে বলা হয়েছে।
তিনি জানান, রবিবার রাতে বাড্ডার আফতাবনগর এলাকায় এই চক্রটি ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশের অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডের সদস্যরা ঐ স্থানে পৌঁছে একটি মাইক্রোবাসসহ আটজনকে গ্রেফতার করে। তাদের আরও কয়েকজন সদস্য আরেকটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
এদিকে, ৩ মে গঠিত অ্যান্টি কিডন্যাপিং স্কোয়াডে এ পর্যন্ত ১৭টি অপহরণের অভিযোগ জমা পড়েছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
