মিসরে মুসলিম ব্রাদারহুডের চিহ্ন থাকবে না :সিসি

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:০২
প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে সোমবার এক টেলিভিশন ভাষণে মিসরের সাবেক সেনাপ্রধান আব্দেল ফাত্তা আল সিসি বলেছেন, আগামী নির্বাচনে জয়লাভ করলে মুসলিম ব্রাদারহুডকে নিশ্চিহ্ন করে দেয়া হবে। কট্টরপন্থি ধর্মীয় মতাদর্শের ব্রাদারহুডকে কোনভাবেই আর মাথা চাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। মিসরের বেসরকারি টেলিভিশন চ্যানেল সিবিসি এবং ওএনটিভিকে দেয়া সাক্ষাত্কারে তিনি বলেন, মুসলিম ব্রাদারহুড সংগঠনের সাথে সম্পর্কোন্নয়নের কোন সম্ভাবনা নেই। মুসলিম ব্রাদারহুড আজ মিসরে অস্তিত্ব সংকটে পড়েছে। তাদের নিশ্চিহ্ন করার পেছনে আমার কোন অবদান নেই বরং মিসরের জনগণই ব্রাদারহুডকে প্রত্যাখ্যান করেছে। ২০১৩ সালের জুলাই মাসে মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন সিসি। ক্ষমতা গ্রহণের পর থেকে মিসরের মানুষের সমর্থন আদায়ে বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছেন তিনি। নির্বাচনী ভাষণে সিসি আরো বলেন, দেশটিতে স্থিতিশীলতা আনা এবং দীর্ষমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার প্রতি সবচেয়ে বেশি জোর দেয়া হবে। আগামী ২৫ থেকে ২৭ মে মিসরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনে তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বামপন্থি রাজনীতিবিদ হামদিন সাবাহ। ফাত্তা’র সাথে প্রতিদ্বন্দ্বিতায় অনেকটাই পিছিয়ে আছেন হামদিন সাবাহ। এর আগে ২০১২ সালের নির্বাচনে জয়ী হয়েছিলেন মুসলিম ব্রাদারহুডের মোহাম্মদ মুরসি। নির্বাচনে তৃতীয় হয়েছিলেন সাবাহ। এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না মুরসি। তাই অনেকটাই প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে নিশ্চিত জয় পাওয়ার আশা করছেন সিসি। মুরসি ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার সমর্থকরা সরকারবিরোধী বিভিন্ন কর্মকাণ্ড সংঘটিত করেছে। দেশটির নিরাপত্তা বাহিনীর সাথে বিভিন্ন সময়ে সংঘর্ষে নিহত হয়েছে মুরসি সমর্থকরা। এরপর থেকে সরকার মুসলিম ব্রাদারহুডকে সন্ত্রাসী সংগঠন হিসাবে আখ্যায়িত করে আসছে। সোমবারের ঐ টেলিভিশন ভাষণে সাবেক এ সেনাপ্রধান সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য মুসলিম ব্রাদারহুডকে দায়ী করেন। ইসলামিক সশস্ত্র বাহিনীর আড়ালে তারা সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করছে বলে দাবি করেন তিনি। ভবিষ্যতে ক্ষমতায় গেলে মুসলিম ব্রাদারহুডকে নিশ্চিহ্ন করে দেয়া হবে জানান সিসি। তিনি অভিযোগ করেন, তাকে হত্যার জন্য দুইবার ষড়যন্ত্র করেছিল মুসলিম ব্রাদারহুড। তিনি বলেন, আমাকে দুইবার হত্যার চেষ্টা করা হয়। আমি ভাগ্যে বিশ্বাস করি তাই কখনো ভয় পাই না।