উচ্চ স্টোরেজের হার্ডডিস্ক তৈরিতে মূল ভূমিকা রেখেছে জায়ান্ট ম্যাগনেটোরেজিস্ট্যান্সের উদ্ভাবন। আর এর উদ্ভাবন করেই প্রযুক্তিবিশ্বে স্মরণীয় হয়ে রয়েছে পিটার গ্রুনবার্গ। জার্মান এই পদার্থবিজ্ঞানী জন্মগ্রহণ করেন ১৯৩৯ সালের ১৮ মে। গ্রুনবার্গ ১৯৬২ সালে জোহান উলফগ্যাং গ্যেটে ইউনিভার্সিটি থেকে লাভ করেন ইন্টারমিডিয়েট ডিপ্লোমা। এরপর তিনি ভর্তি হন ড্রামস্ট্যাট ইউনিভার্সিটি অব টেকনোলজিতে। সেখান থেকে পদার্থ বিজ্ঞানে ডিপ্লোমা লাভ করেন ১৯৬৬ সালে এবং পিএইচডি লাভ করেন ১৯৬৯ সালে। ১৯৬৯ সাল থেকে ১৯৭২ সাল পর্যন্ত তিনি অটোয়ার কার্লেটন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরাল গবেষণা করেন। পরে তিনি সলিড স্টেট ফিজিক্সের জন্য যোগ দেন একটি ইনস্টিটিউটে। ১৯৮৮ সালে তিনি উদ্ভাবন করেন জায়ান্ট ম্যাগনেটোরেজিস্ট্যান্স ইফেক্ট। একইসময়ে অ্যালবার্ট ফার্টও এই উদ্ভাবন করেন। তাদের দুজনকেই যৌথভাবে এই উদ্ভাবনের জন্য ২০০৭ সালে নোবেল পুরস্কার প্রদান করা হয়।
