ঝড়ে স্কুল বিধ্বস্ত খোলা মাঠে পাঠদান

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:৫৬
পূর্বধলা উপজেলার খলিশাউড় ইউনিয়নের শিমুলকান্দি উচ্চ বিদ্যালয়টি সম্প্রতি ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নীচে ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করতে হচ্ছে। বিদ্যালয়টি প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছে। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা রৌদ্র উপেক্ষা করে গাছের ছায়ায় খোলা আকাশের নীচে ক্লাস করছে। ১৯৯৬ সালে এক একর জমির উপর ৪২ হাত লম্বা এবং ৮ হাত প্রস্থ একটি টিনসেড ঘর তৈরি করে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চালু করা হয়। বর্তমানে বিদ্যালয়ে ১১ জন শিক্ষক ও ৩ শতাধিক ছাত্র-ছাত্রী রয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কাদির বলেন, বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে শিক্ষক- শিক্ষিকাবৃন্দ অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সহিত ছাত্র-ছাত্রীদেরকে পাঠদান করিয়ে আসছে। কিন্তু বিদ্যালয়টি এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষকরা হতাশ হচ্ছে। জেলা শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, বিদ্যালয়টি যাতে দ্রুত এমপিওভূক্ত করা যায় তার জন্য কার্যকর পদক্ষেপ নেয়া হবে।