গঙ্গাচড়া উপজেলা নির্বাচনে ৩ পদে ২৫ প্রার্থী লড়ছেন

আপডেট : ০৬ মে ২০১৪, ২১:৫৯
রংপুরের গঙ্গাচড়া উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। আগামী ১৯ মে এ উপজেলার ৯টি ইউনিয়নের ১ লক্ষ ৮০ হাজার ২শ ৫৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন, গত ৫ জানুয়ারি গঙ্গাচড়া আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নিলেও দলীয় সিদ্ধান্তে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আলমবিদিতর ইউপি’র দু’বারের চেয়ারম্যান ও থানা বিএনপি’র সিনিয়র সভাপতি মোকাররম হোসেন সুজন দলীয় সমর্থনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলুও এ পদের জন্য লড়ছেন। গঙ্গাচড়া ইউপি’র ৩বারের সাবেক চেয়ারম্যান ও জাপা (এরশাদ) উপজেলার সাবেক সভাপতি মতিয়ার রহমান গত নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হন। তিনিও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন। উপজেলা জাপা (এরশাদ) সভাপতি ও মর্ণেয়া ইউপি’র সাবেক চেয়ারম্যান সামসুল আলম দলীয় সমর্থনে জাপার দুর্গ পরিচিতিকে কাজে লাগিয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। জামায়াতের উপজেলা আমির অধ্যক্ষ শফিকুল আলম, ভাইস চেয়ারম্যান খায়রুল আলম বাবু, সাবেক সেনা সদস্য নাজিম উদ্দিন এবং উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক প্রতাপ কুমার রায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।