শ্রীপুরের তালহা স্পিনিং মিলে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। বর্তমানে মালিক ও শ্রমিক পক্ষ মুখোমুখি। যে কোন মুহূর্তে ফ্যাক্টরী লে-আউট ঘোষণা হলে ধ্বংসাত্মক হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে। ফ্যাক্টরীতে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে।
উপজেলার তেলিহাটি ইউনিয়নাধীন মুলাইদ গ্রামে অবস্থিত ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন তালহা স্পিনিং মিলের শ্রমিক শরীফুল ইসলাম জানান, পূর্বে ওভারটাইমসহ ১২ ঘন্টা কাজ করে যে বেতন পেতাম এখন আই.এল.ও’র পরামর্শ ও বায়ারদের নির্দেশনা মোতাবেক ৮ ঘন্টা কাজ করতে গেলে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বেতন এক তৃতীয়াংশ কমে যাবে। এতে তাদের জীবননির্বাহ করতে যথেষ্ট বেগ পেতে হবে।
মালিকপক্ষ থেকে নোমান গ্রুপের জি.এম. কে আলম জানান, শ্রমিকদের দাবি অন্যায্য। সরকারের বিধি মোতাবেক ও আই.এল.ও’র পরামর্শ অনুযায়ী ৮ ঘন্টার বেশি শ্রমিকদের কাজ করানো যাবে না। সুতরাং, কাজের অগ্রগতির জন্য দ্বিতীয় শিফট চালু করতে দ্বিগুণ শ্রমিক নিয়োগ দিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও বায়ারদের পরামর্শ অনুযায়ী ফ্যাক্টরী চালাতে হবে। কোন শ্রমিক স্বেচ্ছায় চলে গেলে তাদের পাওনা হিসাব করে বুঝিয়ে দেয়া হবে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য জল কামান, অতিরিক্ত পুলিশ, দাঙ্গা পুলিশ, ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ মোতায়েন করা হয়েছে।
