দেশের বিভিন্ন স্থানে গত দুইদিনে পৃথক ঘটনায় চারজন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।
আলমডাঙ্গায় ভাগ্নেদের
হামলায় মামা খুন
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হারদী গ্রামে জমি সংক্রান্ত বিরোধে গত সোমবার রাতে শফিউদ্দীন (৩৮) নামে এক ব্যক্তি ভাগ্নেদের হাতে খুন ও আরো চারজন আহত হয়েছেন। জানা যায়, শফিউদ্দীনের বোনের সম্পত্তি নিজ নামে লিখে নেয়ায় ভাগ্নে সোনা ও মিনারুল মামা বাড়িতে গিয়ে মারধর করে তাকে মারাত্মক আহত করেন। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান। আহতদেরকে হারদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দামুড়হুদায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
চুয়াডাঙ্গার দামড়ুহুদার গোবিন্দহুদায় গত সোমবার রাতে আব্দুস সামাদ (৩৫) নামে এক লেদ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও এলাকাবাসী জানান, উপজেলার কার্পাসডাঙ্গা বাজারস্থ লেদের দোকান বন্ধ করে আব্দুস সামাদ ব্যবসায়িক কাজে দামুড়হুদা শহরে এসে আর বাড়ি ফিরে আসেনি। গতকাল মঙ্গলবার সকালে ঈদগাহের পেছনে স্থানীয়রা তার লাশ দেখে পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
দামড়হুদা থানার ওসি শিকদার মশিউর রহমান জানান, হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার জের ধরে তাকে খুন করা হতে পারে।
পূর্বধলায় গৃহবধূর লাশ উদ্ধার
নেত্রকোনার পূর্বধলায় গত সোমবার সন্ধ্যায় আকলিমা (২৫) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের পিতা ইদ্রিছ আলী জানান, উপজেলার পানিশানা গ্রামের মজিবর রহমানের সাথে আকলিমার দুই বছর আগে বিয়ে হয়। গত রবিবার রাতে আকলিমা স্বামীর বাড়িতে একটি ছেলে সন্তানের জন্ম দেন। পূর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। পূর্বধলা থানার এসআই মনোরঞ্জন সরকার জানান, এ ঘটনায় নিহতের পিতার অভিযোগের প্রেক্ষিতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে পূর্বধলা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
কালিহাতিতে সেচ মেশিন
পাহারাদার খুন
টাঙ্গাইলের কালিহাতির সাকরাইল গ্রামে গত সোমবার সকালে রশিদ কাজী (৪৫) নামে এক সেচ মেশিন পাহারাদারকে গলা কেটে হত্যা করা হয়েছে।
কালিহাতি থানার ওসি মনির হোসেন জানান, প্রতিদিনের মত রবিবার রাতের খাবার খেয়ে রশিদ কাজী সেচ মেশিন ঘর পাহারা দিতে যান। সকালে স্থানীয় লোকজনের দেয়া খবরের ভিত্তিতে সেচ মেশিন ঘর থেকে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তার পিঠে ছোড়ার আঘাত ও গলা কাটা অবস্থায় লাশটি চৌকির উপর পড়ে ছিল।
