সাত চরিত্রে খন্দকার ইসমাইল!

আপডেট : ২৫ মে ২০১৯, ২০:৩২

বিনোদন রিপোর্ট

 

টিভি ম্যাগাজিনের উপস্থাপক হিসেবেই তাঁর পরিচিতিটা বেশি। এমনটি বর্তমানে দেশের উপস্থাপকদের একমাত্র সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশ (পিপিবি)-এর সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কিন্তু ভার্সেটাইল মেধার অধিকারী খন্দকার ইসমাইলকে ইদানিং গান, নাটকসহ বিভিন্ন সৃজনশীলতায় দেখা যাচ্ছে। এবার একই নাটকে ৭টি অবয়বে ক্যামেরার সামনে হাজির হলেন। কখনো ডাক্তার, কখনো যাত্রাশিল্পী, আবার কখনো দেখা যাবে সঙ্গীতশিল্পী হিসেবে। এভাবে একই নাটকে ৭টি চরিত্রে অভিনয় করলেন জনপ্রিয় উপস্থাপক ও অভিনেতা খন্দকার ইসমাইল। ‘ভাড়া বাড়ি, বাড়া বাড়ি’ শিরোনামের একটি নাটকে এই ৭ চরিত্রে দেখা যাবে তাঁকে। মানসুরা নবী ও ঝন্টু বৈদ্যর রচনায় এটি নির্মাণ করেছেন নুরুন্নবী রাসেল। গতবছরের শেষের দিকে প্রায় ২০ বছর পর অভিনয়ে ফেরেন টিভি উপস্থাপক খন্দকার ইসমাইল। এ প্রসঙ্গে ইসমাইল বলেন, ‘জীবনটা খুব ছোট। এখন যা যা করছি তার প্রতি নেশা বা চর্চা কিন্তু শৈশব থেকেই টুকটাক ছিল। সেটিকেই এখন

একটা রূপ দেওয়ার চেষ্টা করছি।’ এর আগে বাংলাদেশ টেলিভিশনের ‘সময় বহিয়া যায়’, ‘শ্রাবণে বসন্ত’, ‘দ্বিতীয় পরমায়ু’, ‘অরণ্যে রোদন’সহ বেশকিছু নাটকে তাঁকে দেখা যায়। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘বহুরূপি’, ‘আড্ডা’র উপস্থাপক ছিলেন তিনি। বর্তমানে এটিএন বাংলায় ‘স্মাইল শো’ উপস্থাপনা করছেন তিনি।