ফরাসি নায়িকার আনন্দ!

আপডেট : ২৫ মে ২০১৯, ২০:৩৩

বিনোদন ডেস্ক

 

৭২তম কান চলচ্চিত্র উত্সব শেষ হওয়ার ঠিক একদিন আগে সম্মানীত হয়েছেন ফরাসি অভিনেত্রী-গায়িকা চিয়ারা মাস্ত্রোইয়ান্নি। ফ্রান্সের ক্রিস্তফ নোরে পরিচালিত ‘অন অ্যা ম্যাজিক্যাল নাইট’ ছবিতে সেরা অভিনয়ের জন্য উত্সবের আঁ সাঁর্তে রিগার বিভাগে তাঁকে পুরস্কৃত করা হয়।

অন অ্যা ম্যাজিক্যাল নাইট ছবিতে এক গৃহবধূর চরিত্রে দারুণ অভিনয় করেছেন তিনি। তাঁর চরিত্রের নাম মারিয়া। বিয়ের ২০ বছর পর স্বামীকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাই একটি হোটেলের ২১২ নম্বর রুমে ওঠে সে। সেখান থেকে সংসার জীবন কাটানো অ্যাপার্টমেন্টটি দেখা যায়। ঠিক সিদ্ধান্ত নিয়েছে কি-না তা ভাবে মারিয়া। এজন্য অনেকের মন্তব্য শোনে সে। পুরস্কার হাতে নিয়ে চিয়ারা মাস্ত্রোইয়ান্নি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। এ কাজটি আমার জীবনের অন্যতম সেরা কাজ হয়ে থাকবে। তবে পুরস্কারটি না পেলেও আমি হতাশ হতাম না। কারণ নারীদের কখনো হতাশ হতে নেই। যেটা আমার সিনেমাটিতেও দেখা গেছে।’ এবারের আসরে আঁ সাঁর্তে রিগার নির্বাচিত হয় ১৮টি চলচ্চিত্র। সেরা চলচ্চিত্রের পুরস্কার জেতে ব্রাজিলিয়ান নির্মাতা করিম আইনুজের ‘দ্য ইনভিজিবল লাইফ অব ইউরিজিসি গুজমাও’। এরমধ্যে ছিল মোট ৯ জন পরিচালকের প্রথম ছবি। এগুলোর মধ্যে কানাডিয়ান নারী নির্মাতা মনিয়া শকরির ‘অ্যা ব্রাদারস লাভ’ ও মার্কিন নির্মাতা মাইকেল অ্যাঞ্জেলো কভিনোর প্রথম ছবি ‘দ্য ক্লাইম্ব’ যৌথভাবে জুরিস ব্লো অব হার্ট স্বীকৃতি পেয়েছে।