টাঙ্গাইলে পুলিশের উপর হামলা

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৬
এক যুবকের হামলায় টাঙ্গাইল মডেল থানার পুলিশ কনস্টেবল আব্দুল লতিফ আহত হয়েছেন। হামলাকারী যুবকের নাম দ্বীপ। গত মঙ্গলবার টাঙ্গাইল শহরের কোদালিয়ায় এ ঘটনা ঘটে। টাঙ্গাইল মডেল থানার ওসি আকতারুজ্জামান জানান, মডেল থানার এসআই জাহাঙ্গীর আলম একটি মামলা সংক্রান্ত কাজে কনস্টেবল আব্দুল লতিফকে সাথে নিয়ে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কোদালিয়া এলাকায় যান। তারা মোটরসাইকেল নিয়ে কোদালিয়া মাঠের কাছে দাঁড়াতেই ওই এলাকার দ্বীপ নামের এক যুবক লাঠি দিয়ে পেছন থেকে তাদের ওপর হামলা চালায়। লাঠির আঘাতে মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল আব্দুল লতিফের মাথা কেটে যায়। এই হামলার কারণ জানা যায়নি। তবে হামলাকারী যুবককে গ্রেফতারের চেষ্টাসহ মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানান।