পৃথক দুর্ঘটনায় নিহত ৯

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৬
নওগাঁর রাণীনগরে সড়ক দুর্ঘটনায় দুইজনসহ পৃথক দুর্ঘটনায় গত দুই দিনে নয়জন নিহত হওয়ার খবর পাঠিয়েছেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। করিমগঞ্জে গাছের ডাল ভেঙ্গে শ্রমিকের মৃত্যু কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা সদর বাজারে গতকাল বুধবার সকালে গাছ কাটার সময় গাছের ডাল ভেঙ্গে আবু বাকার (৪০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। একটি রেন্ট্রি গাছ কাটার সময় একটি ডাল ভেঙ্গে তার ওপরে পড়ে। করিমগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত বলে জানান। রাণীনগরে শিশুসহ নিহত ২ নওগাঁর রাণীনগর উপজেলার নগরব্রিজ এলাকায় গত মঙ্গলবার মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহতরা হলেন, সুন্নাস রায় (৬৫) ও মহিমা (২)। আহতরা হলেন, দিপু, জুয়েল হোসেন ও আলমগীর। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানা যায়, উপজেলার দুর্গাপুর গ্রামের সুমন প্রাং-এর শিশু কন্যা মহিমা পুকুরে পড়ে যায়। তাকে মোটরসাইকেলযোগে দ্রুত হাসপাতালে নেয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় এ হতাহতের ঘটনা ঘটে। চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে শিশুর মৃত্যু মহানন্দী নদীতে গোসল করতে গিয়ে গত মঙ্গলবার দুপুরে সালমা (৬) নামে এক শিশু মারা গেছে। নিহত সালমা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জামবাড়িয়া কাইয়াপাড়ার মিজানুর রহমানের মেয়ে। রাজবাড়ীতে শিশু নিহত রাজবাড়ীর বালিয়াকান্দি বাজার এলাকায় গত মঙ্গলবার বিকালে ট্রাক চাপায় হাসিব (৮) নামে এক শিশু মারা গেছেন। সে বালিয়াকান্দি সোনালী ব্যাংকের ম্যানেজার জহুরুল ইসলামের ছেলে। সিলেটে ট্রাক চাপায় শিশু নিহত সিলেটের কানাইঘাট এলাকায় গত মঙ্গলবার দুপুরে ট্রাক চাপায় তাহমিদ আহমদ (৭) নামে এক শিশু মারা গেছে। রাস্তা পার হওয়ার সময় সিলেটগামী একটি ট্রাক তাহমিদকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় লোকজন সড়ক অবরোধ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। হালুয়াঘাটে নিহত এক ময়মনসিংহের হালুয়াঘাট গাঙ্গিনাপাড় এলাকায় গত মঙ্গলবার মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে তাজামূল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি নিহত ও একজন আহত হয়েছেন। আহত মোটরসাইকেল চালক মো. রফিকুল ইসলামকে প্রথমে স্থানীয় হাসপাতালে পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গফরগাঁওয়ে অজ্ঞাত পরিচয় লাশ উদ্ধার ময়মনসিংহের গফরগাঁওয়ে গত মঙ্গলবার দুপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পরণে ফুলপ্যান্ট ও কোমড়ে একটি গেঞ্জি মোড়ানো ছিল। লাশের আঙ্গিক বৈশিষ্ট্যে মৃত ব্যক্তি হিন্দু সম্প্রদায়ের লোক বলে মনে হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গফরগাঁও থানায় একটি ইউডি মামলা হয়েছে। রাজশাহীতে আদিবাসীর লাশ উদ্ধার রাজশাহী মহানগরীর আলিমগঞ্জ এলাকার একটি ব্রিজের নিচ থেকে গত মঙ্গলবার সকালে সিলভেস্টার (৬০) নামে এক আদিবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রাজপাড়া থানার ওসি এরফান আলী জানান, সিলভেস্টার একজন নেশাখোর। সোমবার সন্ধ্যায় সে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরেনি। মঙ্গলবার সকালে লোকজন ব্রিজের নিচে লাশ দেখে পুলিশে খবর দেয়।