মশার কয়েল তৈরির অবৈধ কারখানার ম্যানেজারসহ ৩ জনের জেল-জরিমানা

আপডেট : ০৭ মে ২০১৪, ২১:৫৭
রাজশাহীর পবায় বিএসটিআইয়ের মান সনদবিহীন অবৈধ মশার কয়েল তৈরির কারখানায় গত মঙ্গলবার অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানার ম্যানেজারসহ ২ কর্মচারীকে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা এবং বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ দেয়া হয়। এছাড়া অনুমান পঁচিশ লক্ষ টাকার মশার কয়েল ধ্বংস করে কারখানাটি সীলগালা করা হয়। বিএসটিআই রাজশাহী অঞ্চলের উপ-পরিচালক রেজাউল করিম সরকার জানান, সনদবিহীন মশার কয়েল তৈরি প্রতিরোধের অংশ হিসেবে জেলা প্রশাসন ও বিএসটিআইর সমন্বয়ে পবা উপজেলার খিরশিন টিকর (সিটির হাট) এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। রাজশাহীর নির্বাহী ম্যাজিস্ট্রেট আশ্রাফ আহমেদ রাসেল ও বিএসটিআই’র ফিল্ড অফিসার আমিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযান কালে মেসার্স বনি কেমিক্যাল কোং কারখানায় বিএসটিআইর মান সনদবিহীন মশার কয়েল (ব্রান্ড-এন হাই পাওয়ার মেগা ও বুস্টার) তৈরি এবং বিএসটিআইর মান চিহ্ন ব্যবহার করায় বিএসটিআই আইনে অভিযুক্ত করা হয়।