আদিতমারীতে ভুট্টা চাষের উপর প্রশিক্ষণ
আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা\ ব্র্যাক কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি প্রকল্পের আওতায় ভুট্টা চাষে সার ব্যবস্থাপনা, সেচ, আগাছা নিড়ানো ও ভুট্টা মাড়াই বিষয়ক একদিনের কৃষক প্রশিক্ষণ গতকাল বুধবার ব্র্যাক উপজেলা শাখা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার সারপুকুর ইউনিয়নের মধুপুর ব্লকের ৫৬ জন কৃষক অংশগ্রহণ করেন। এসব কৃষকের আওতায় ৩৮ একর জমিতে ভুট্টার চাষাবাদ করা হয়েছে। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আব্দুল মালেক। এসময় প্রেসক্লাবের সম্পাদক সুলতান হোসেন, উপজেলা ব্যবস্থাপক মামুন অর-রশিদ, টেকনিক্যাল এ্যাসিসটেন্ট মোহসিন রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে নাটাবের অ্যাডভোকেসী সভা
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি\ “যতদিন বাঁচবো-যক্ষ্মাকে রুখবো”— এই শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার জেলা অ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। যক্ষ্মা নিয়ন্ত্রণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাব। সকালে চাঁপাইনবাবগঞ্জ শহরের সিটি কলেজের পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. অসিত কুমার সরকার। সাবেক পৌর কাউন্সিলর প্রভাষক মিজানুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. এম এ মাতিন, নাটাবের কেন্দ ীয় প্রতিনিধি আতাউর রহমান প্রমুখ।
গফরগাঁওয়ে অনলাইনে আয় বিষয়ক প্রশিক্ষণ
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা\ ময়মনসিংহের গফরগাঁওয়ে গতকাল বুধবার থেকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১০দিনব্যাপী অনলাইনে আয় বিষয়ক ‘লার্নিং এন্ড আর্নিং’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। ৫০জন প্রশিক্ষণার্থী এই কর্মসূচিতে অংশগ্রহণ করছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকালে উপজেলা পরিষদের হলরুমে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফউদ্দিন বাদল। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহকারী প্রকল্প কো-অর্ডিনেটর আ ন ম শফিউল আজম, প্রশিক্ষক জোবায়ের হোসেন, নাজমূল সাকিব প্রমুখ।
কমলনগরে উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ কমলনগর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যানরা দায়িত্বভার গ্রহণ করেন গতকাল বুধবার। আনুষ্ঠানিকভাবে পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বরাকাত দুলালের নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শামছুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল আওয়াল, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির ও হোসনেয়ারা বাশার। উপস্থিত ছিলেন কমলনগরের বিভিন্ন ইউপি চেয়ারম্যান, প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবর্গ।
ফরিদপুরে নিটল মটরসের গ্রাহক সেবা মেলার উদ্বোধন
ফরিদপুর প্রতিনিধি\ ফরিদপুরে নিটল মটরসের দু’দিনব্যাপী গ্রাহক সেবা মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার সকালে শহরের হাজরাতলা মোড়ের নিটল মটরসের ফরিদপুর সিটি অফিসে মেলার উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী। নিটল মটরসের অপারেটিং ডিভিশনের সিবিও মো.আব্দুল মাজেদের সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কো-অর্ডিনেটর মো. সাইফুল আলম, জোনাল সিবিও মো. নুরুজ্জামান। বরিশাল সাব-জোনের আয়োজনে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শতাধিক গ্রাহক উপস্থিত ছিলেন।
মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতে হোটেল মালিকের জরিমানা
মেহেরপুর প্রতিনিধি\ মেহেরপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে নোংরা ও বাসি খাওয়ার বিক্রির অপরাধে ৬ জন হোটেল মালিকের নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাজিবুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল মেহেরপুর শহরের কাথুল ও ওয়াপদা সড়কের বিভিন্ন হোটেলে অভিযান চালান। এ সময় মেহেরপুর সদর থানার এসআই মিজানুর রহমান ও পৌরসভার স্যানিটারী অফিসার মনিরুল ইসলাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।
হোমনায় মাঠ দিবস ও শস্য কর্তন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা\ গতকাল বুধবার হোমনায় মাঠ দিবস উদযাপন উপলক্ষে স্থানীয় কৃষি অধিদপ্তরের উদ্যোগে উপজেলার দড়িচর গ্রামের মাঠে শস্য কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা জুলফিকার আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আজিজু রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন ইউএনও আহমেদ জামিল, ভাইস চেয়ারম্যান মাজেদুল ইসলাম জীবন। বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম গণি, উপজেলা প্রকৌশলী আ. সোবহান, সহকারী কৃষি কর্মকর্তা গোলাম মোস্তফা প্রমুখ।
মীর্জাগঞ্জে উপজেলা প্রশাসনের মতবিনিময়
মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা \ গতকাল বুধবার মীর্জাগঞ্জ প্রেসক্লাবে উপজেলা প্রশাসনের সাথে স্থানীয় সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি এ্যাডভোকেট মো. মজিবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে নবনির্বাচিত উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবু সাঈদ মোল্লা। এতে বক্তব্য রাখেন প্রেসক্লাব সহ-সভাপতি মো. জাকির হোসেন, সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান, উপজেলা প্রকৌশলী দেওয়ান মো. সবুর, কৃষি কর্মকর্তা আব্দুল মান্নান প্রমুখ।
মাদারীপুরে গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন
মাদারীপুর প্রতিনিধি\ গ্লোবাল অ্যাকশন সপ্তাহ পালন উপলক্ষে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি গতকাল বুধবার বঙ্গবন্ধু ল’কলেজ মিলনায়তনে প্রতিবন্ধী শিশু সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির মহাসচিব আব্দুর রহমান বাচ্চু। এতে বক্তব্য রাখেন শিক্ষা অফিসার কাজী আব্দুর রউফ, শিক্ষা অফিসার মো. নেয়ামত হোসেন, আব্দুর রাজ্জাক শিকাদার, দিলওয়ারা বেগম, মেজবাউর রহমান প্রমুখ।
রামগতিতে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব গ্রহণ
রামগতি (লক্ষ্মীপুর) সংবাদদাতা\ লক্ষ্মীপুরের রামগতি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের দায়িত্বভার গ্রহণ ও কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি সভাসহ উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ, ভাইস চেয়ারম্যান আহম্মদউল্যাহ সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা বেগম দপ্তরে এসে দায়িত্বভার গ্রহণ করেন এবং সমন্বয় সভায় যোগ দেন। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন সভায় সভাপতিত্ব করেন। এসময় স্থানীয় সংসদ সদস্য আবদুল্যাহ আল মামুন উপস্থিত ছিলেন।
কাউখালীতে মহিলা পরিষদের মতবিনিময় সভা
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা\ পিরোজপুরের কাউখালীতে গতকাল বুধবার বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী শাখার উদ্যোগে নিজস্ব কার্যালয়ে তৃণমূল পর্যায়ে নারীর ক্ষমতায়নের মাধ্যমে স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করার লক্ষ্যে সচেতনতা বৃদ্ধির জন্য নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি জাহানুর বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামরুজ্জামান মিঠু। বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কৃষ্ণলাল গুহ, কাউখালী সদর ইউপি চেয়াম্যান আমিনুর রশিদ মিল্টন, মহিলা পরিষদ সাধারণ সম্পাদক সুনন্দা সমদ্দার, ইউপি সদস্য নেপাল চন্দ দে, বেবী বেগম, মো. আবু কালাম, ইউনুস আলী, আক্তারুন নেহার প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় ব্রি ধান ৫৮ প্রদর্শনী মাঠ দিবস অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে্র প্রকল্পের বীজ সহায়তায় ব্রি ধান ৫৮-র প্রদর্শনী মাঠ দিবস গত মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরায় অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বছিরউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সেলিম মিয়া, সুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আজিজুর রহমান। সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা কে এম বদরুল হক। ব্রি ধান ৫৮ ব্রি ধান ২৯-এর চেয়ে প্রায় দেড় থেকে দুই টন বেশি ফলন হয়। ব্রি ধান ৫৮ প্রতি হেক্টর জমিতে সাড়ে ৭ ম্যাট্রিক টন ধান হয়।
দিনাজপুরে প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার কর্মশালা
স্টাফ রিপোর্টার, দিনাজপুর\ গতকাল বুধবার দিনাজপুর প্রেসক্লাবে সমপ্রীতি প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার উদ্যোগে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় ও বিএমজেডএর অর্থায়নে গুড প্রাকটিস শেয়ারিং কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ক্যাম্পের অফিসার জান্নাতুল ফেরদৌস। এতে বক্তব্য রাখেন টেকনিক্যাল এ্যাডভাইজার রিপন চক্রবর্তী, সমপ্রীতির উপদেষ্টা পৌর কাউন্সিলর মাহমুদা খাতুন, উপজেলা যুব উন্নয়ন অফিসার মামুন হাসান চৌধুরী, সমপ্রীতির উপদেষ্টা ও দৈনিক উত্তর বাংলার নির্বাহী সম্পাদক জিনাত রহমান, ব্র্যাক প্রতিনিধি মো. মহসিন আলী প্রমুখ।
বাগেরহাট যুবদলের জেলা কমিটি গঠন
বাগেরহাট প্রতিনিধি\ গত মঙ্গলবার বাগেরহাটে জেলা যুবদলের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন কমিটিতে মেহেবুবুল হক কিশোরকে সভাপতি ও আইয়ুব আলী মোল্লা বাবুকে সম্পাদক করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠনের পর কেন্দ ীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব এই নবগঠিত কমিটিকে অনুমোদন করেন। নতুন কমিটির অন্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি নাজমুল হুদা, যুগ্ম সাধারণ সম্পাদক মহিতুজ্জামান দুলাল, সাংগঠনিক সম্পাদক মল্লিক মোকাদ্দেস হোসেন ডলার। নবগঠিত এই কমিটিকে আগামী ৪৫ দিনের মধ্যে বাগেরহাট জেলার ৯ উপজেলা ও পৗরসভা এবং ৭৫ ইউনিয়ন কমিটি গঠন করে জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেয়া হয়েছে।
সেনবাগের ডমুরুয়া ইউপির নির্বাচিত চেয়ারম্যানের শপথ গ্রহণ
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখলীর সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নির্বাচিত চেয়ারম্যান আওয়ামী লীগের গাজী এবিএম জসিম উদ্দিন আজাদ ও উপজেলার কাবিলপুর ইউপির ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে নির্বাচিত মো. হারুন গত মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। গত ৩০ মার্চ উপজেলার ৩নং ডমুরুয়া ইউপির চেয়ারম্যান ও উপজেলার কাবিলপুর ইউপির ৮নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।
সুন্দরবনের কাটকাটা এলাকা থেকে বনদস্যু আটক
মংলা (বাগেরহাট) সংবাদদাতা\ সুন্দরবনের কাটকাটা এলাকা থেকে এক বনদস্যুকে আটক করেছে কোস্টগার্ড। কোস্টগার্ড পশ্চিম জোন’র (মংলা) কর্মকর্তা লে : মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের কয়রা কন্টিনজেন্ট সদস্যরা গত মঙ্গলবার কয়রার কাটকাটা এলাকা থেকে সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু রাজু বাহিনীর সদস্য ও ক্যাশিয়ার নজরুল ইসলামকে আটক করে। এ সময় দস্যু বাহিনীর দুটি ইঞ্জিনচালিত বোট ও চাঁদার পরিবর্তে আদায়কৃত ৬ লাখ টাকা মূল্যের বাগদার পোনা জব্দ করা হয়। আটক নজরুল দীর্ঘদিন ধরে সাধারণ জেলে-মাঝিদের অত্যাচার ও চাঁদা আদায় করে আসছিল। জব্দকৃত মাছের পোনা নদীতে ছেড়ে দেয়া হয় এবং আটক দস্যুকে কয়রা থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।
উল্লাপাড়ায় পৌর বাজেট ভাবনা শীর্ষক নাগরিক সমাবেশ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ গত মঙ্গলবার সকাল ১১টায় উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে পৌরসভার বাজেট ভাবনা শীর্ষক এক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম এতে প্রধান অতিথি ছিলেন। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক বিল্লাল হোসেন, উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. মারুফ বিন হাবিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম। পৌরসভার প্যানেল মেয়র আমিরুল ইসলাম আরজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন মীর শহিদুল ইসলাম পুন্নু, কাউন্সিলর আহসান আলী সরকার, নুর রইসুজ্জামান খান শিল্টু, গোলাম মোস্তফা, পৌর সচিব আশরাফুল ইসলাম প্রমুখ।
মেহেরপুরে ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন বিষয়ে কর্মশালা
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটি গঠন ও কার্যাবলী সম্পর্কিত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গত মঙ্গলবার ।
কর্মশালায় সভাপতিত্ব করেন মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক হেমায়েত হোসেন। প্রধান অতিথি হিসাবে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন জেলা প্রশাসক মাহমুদ হোসেন। প্রধান আলোচক হিসাবে ইউডিসিসি’র প্রয়োজনীয়তা ও গঠন বিষয়ে আলোকপাত করেন এলজিআরডি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব স্বপন কুমার সরকার। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাইকা প্রোগ্রাম অফিসার মানি ইয়াওমা।
কসবায় উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা\ গত মঙ্গলবার “বাংলাদেশ স্বাস্থ্য বিষয়ক মাঠ কর্মচারী এসোসিয়েশন” কসবা শাখার উদ্যোগে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আনিসুল হক ভুঞাকে সংবর্ধনা দেয়া হয়। এসোসিয়েশনের সভাপতি সৌকত আলী চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইকবাল হুসাইন। বক্তব্য রাখেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. আবু জামাল, সহ-সভাপতি মো. ইব্রাহিম খলিল, স্বাস্থ্য সহকারী এম.কে আনোয়ার, তানিয়া সুলতানা প্রমুখ।
মির্জাপুরে প্রধান শিক্ষকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বংশীনগর সূর্যতরুণ স্কুলের প্রধান শিক্ষকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, অবৈধ ম্যানেজিং কমিটি বাতিল ও প্রধান শিক্ষক পদে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থী এবং এলাকাবাসী গতকাল বুধবার। এসময় মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক এস এম আলী আকবর, আবুল কালাম আজাদ, নুরুল ইসলাম, সিরাজ আলী, অষ্টম শ্রেণীর ছাত্রী নুপুর ও সুমী আকতার প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন আল আজাদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিভিন্ন অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকার একটি কুচক্রী মহল আমার নামে মিথ্যা ও সাজানো মামলা দিয়েছে যার কোন ভিত্তি নেই ।
ধুনটে বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সম্মেলন অনুষ্ঠিত
ধুনট (বগুড়া) সংবাদদাতা\ বগুড়ার ধুনট সদর ইউনিয়ন বঙ্গবন্ধু প্রজন্ম লীগের প্রথম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকালে ধুনট সদর ইউনিয়ন পরিষদ চত্বরে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি এসএম ফজলে রাব্বি শুভর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, যুগ্ম সম্পাদক মহসিন আলম, সদর ইউনিয়ন আ’লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মন্টু, উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হোসেন রিপন, উপজেলা বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাসেল, সাংগঠনিক সম্পাদক শ্রী গোবিন্দ রায়, উপজেলা বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মামুনুর রশিদ মামুন প্রমুখ।
বাঘায় আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা
বাঘা (রাজশাহী) সংবাদদাতা \ গত মঙ্গলবার রাজশাহীর বাঘায় কর্মসংস্থান ও আত্মকর্মস্থান সৃষ্টির লক্ষ্যে উপজেলা পর্যায় প্রশিক্ষণ কার্যক্রম জোরদারকরণ প্রকল্পের আওতায় গরু মোটাতাজারকরণ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন রাজশাহীর উপ-পরিচালক মতিউর রহমান। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মীর খুরশিদ আলম। তিনি যুবকদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষিত জনশক্তি উন্নয়নের দৃঢ ভিত্তি। তিনি আরো বলেন, সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, যুব উন্নয়নের প্রকল্প পরিচালক ড. হারুনুর রশিদ, উপজেলা চেয়ারম্যান মওলানা জিন্নাত আলী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মির্জা শাকিলা দিল হাসিন।
সিংগাইরে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যার চেষ্টা
সিংগাইর (মানিকগঞ্জ) সংবাদদাতা \ সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউপি চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীনকে গুলি করে হত্যা চেষ্টার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে ইউনিয়নবাসী গত মঙ্গলবার। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চারিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুল ইসলাম স্বাধীন। এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবিদুর রহমান খান রোমান, সিংগাইর পৌর মেয়র এ্যাডভোকেট খোরশেদ আলম ভুঁইয়া জয়, আওয়াল শরীফ খোকন, পৌর কাউন্সিলর নূরে আলম বাবুল, দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, দেওয়ান মোজাম্মেল হক সেতু প্রমুখ।
বগুড়ার শেরপুরের ট্রাক দিনাজপুরে উদ্ধার
শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে গ্যারেজ থেকে চুরি করা ট্রাক দিয়ে ফেন্সিডিল পাচারের সময় প্রায় এক হাজার বোতল ফেন্সিডিলসহ দিনাজপুরের ফুলবাড়ি থানা পুলিশ ট্রাকটি আটক করেছে। এ ব্যাপারে শেরপুর থানায় ট্রাক চুরির ঘটনায় ঐ ট্রাকের চালক উপজেলার শালফা গ্রামের মৃত সৈয়দ আলীর পুত্র জুয়েল রানা (২৮), তার ভাই মোঃ সাইফুল ইসলাম (৪০), একই গ্রামের মৃত কোরবান আলীর পুত্র মাদক সম্রাট মোঃ সোহেল (৪২), আজগর শেখের পুত্র আব্দুলকে (৩৫) আসামি করে একটি মামলা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা শেরপুর থানার এসআই ফারুক জানান, উল্লেখিত আসামিরা উপজেলার হামছায়াপুর এলাকার জনৈক অচিন্ত কুমারের গ্যারেজ থেকে বগুড়া শাজাহানপুর উপজেলার রহিমাবাদ এলাকার শফিকুল ইসলাম শফিকের মালিকানাধীন ট্রাকটি (ঢাকা মেট্রো ট-১৪-৬৭২৬) গত ৪ মে দিবাগত রাতে চুরি করে। পরে চুরি করা ট্রাকযোগে ফেন্সিডিল পাচারের সময় দিনাজপুর জেলার বিজিবি ট্রাকটিকে থামানোর নির্দেশ দেয়। চালক না থামিয়ে ট্রাক নিয়ে পালাতে থাকে। এক পর্যায়ে ট্রাকটি ফুলবাড়ি থানা এলাকায় পৌঁছলে ৯৭৭ বোতল ফেন্সিডিল বোঝাই ট্রাকটি রেখে চালক ও তার সহযোগিরা পালিয়ে যায়। পরে এ বিষয়ে দিনাজপুর ফুলবাড়ি থানায় পৃথক মামলা হয়েছে।
কমলগঞ্জে তিন দিনব্যাপী ডিজিটাল মেলার উদ্বোধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা \ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা প্রশাসন চত্বরে তিন দিনব্যাপী ডিজিটাল মেলা শুরু হয়েছে গত মঙ্গলবার। তিন দিনব্যাপী এ ডিজিটাল মেলার উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ এম এ শহীদ। ডিজিটাল মেলা উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মো. আব্দুল মতিন, কমলগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক রফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. সত্যকাম চক্রবর্তী, কমলগঞ্জ পৌর মেয়র আবু ইব্রাহিম জমশেদ ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।
টাঙ্গাইলে চারটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ গ্রেফতার ৩
ভূঞাপুর, টাঙ্গাইল সংবাদদাতা \ টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে সেভেন পয়েন্ট ৬৫ একটি বিদেশি পিস্তল, দেশীয় তৈরি দু’টি এলজি, একটি শুটারগান, দু’টি ম্যাগজিন, ছয় রাউন্ড পিস্তলের ও তিন রাউন্ড শর্টগানের গুলি উদ্ধার করা হয়। গত মঙ্গলবার ভোরে উপজেলার অর্জুনা ইউনিয়নের ভড়ুয়া এলাকা থেকে টাঙ্গাইলের গোয়েন্দা পুলিশের একটি দল এসব অস্ত্র উদ্ধার ও গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার চর পোগলদিঘা গ্রামের মজিবুর রহমানের ছেলে গোলাম রব্বানী (৩০), ঘরিয়ার ভিটা গ্রামের কামাল বাশারের ছেলে জুয়েল মিয়া (২৮), একই গ্রামের নিজাম উদ্দিনের ছেলে শামীম হোসেন (৩০)।
