বোলিং উপদেষ্টার পদ ছাড়লেন লিলি

আপডেট : ০৭ মে ২০১৪, ২২:১৪
বেতন বাড়ানোর দাবি প্রত্যাখ্যাত হওয়ায় অস্টেলিয়া ক্রিকেটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন ফাস্ট বোলিং উপদেষ্টা ডেনিস লিলি। গত বছর থেকে খণ্ডকালীন হিসেবে অস্ট্রেলিয়া জাতীয় দলকে দিক-নির্দেশনা ও কোচিং পরামর্শ দিয়ে আসছিলেন সাবেক এ গ্রেট এবং মিচেল জনসনের ক্যারিয়ারের পুনর্জাগরণের মূল নায়ক ছিলেন তিনি। দলের ফাস্ট বোলারদের টেকনিক্যাল সমস্যা সমাধানের এবং অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডকে ৫-০ ম্যাচে হোয়াইটওয়াশ করা ও তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের সকল কৃতিত্বই তার পাওনা। ফাস্ট বোলার প্যাট কামিন্স ও অলরাউন্ডার জেমস ফকনারের সঙ্গেও কাজ করেছেন লিলি। ক্রিকেট অস্ট্রেলিয়া মঙ্গলবার নিজস্ব ওয়েবসাইটে জানায় ‘চুক্তি রক্ষা ব্যর্থ হওয়ার’ পর দুই পক্ষই সমঝোতায় আসতে ব্যর্থ হয়েছে। একজন মুখপাত্র জানান, ‘দুঃখজনকভাবে তার চুক্তি নবায়নের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়ার দেয়া প্রস্তাব লিলি গ্রহণ করেননি। তিনি খেলাটির কিংবদন্তী এবং যে কোনভাবে তিনি যদি আবার ফিরতে চান তবে তার জন্য দরজা খোলা আছে।’-বাসস