বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পক্ষকালব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল বুধবার নয়াপল্টনে দলের যৌথ সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথসভা শেষে ব্রীফিংয়ে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
২৭ মে থেকে ৯ জুন পর্যন্ত ১৪ দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- পোস্টার প্রকাশ ও কালো ব্যাজ ধারণ। এ উপলক্ষে সংবাদপত্রে ক্রোড়পত্র প্রকাশ। অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভা । ২৯ মে বিএনপির উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা। ৩০ মে শাহাদত্বার্ষিকী উপলক্ষে ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন।
ওই দিন সকালে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতারা মরহুম রাষ্ট্রপতির মাজারে পুষ্পমাল্য অর্পণ ও মাজার জিয়ারত করবেন। পরে ওলামা দলের উদ্যোগে মাজার প্রাঙ্গণে দোয়া মাহফিল ও ড্যাবের উদ্যোগে মাজার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। একই দিন সকাল থেকে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ড্যাবের উদ্যোগে মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে চিকিত্সা সেবা প্রদান করা হবে।
৩০ মে খালেদা জিয়া ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করবেন। ৩১ মে ও ১ জুন শনি ও রবিবার দিনব্যাপী খালেদা জিয়া ঢাকা মহানগরীর বিভিন্ন স্পটে দুস্থ ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণ করবেন।
যৌথসভায় সিদ্ধান্ত হয়, একইভাবে জেলা ও মহানগরীসহ সকল ইউনিট কার্যালয়ে ৩০ মে ভোর ৬টায় দলীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন এবং নিজ নিজ এলাকার সুবিধা অনুযায়ী আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচি পালন করা হবে।
নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে মির্জা ফখরুল ইসলামের সভাপতিত্বে যৌথসভায় শামসুজ্জামান দুদু, ডা. এ জেড এম জাহিদ হোসেন, মো. শাহজাহান, রুহুল কবির রিজভী, গোলাম আকবর খন্দকার, মো. হারুন অর রশীদ, আসাদুল হাবিব দুলু, জিয়াউর রহমান খান, খায়রুল কবির খোকন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুল হাই, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামসুজ্জোহা খান, শাহজাহান মিলন, মো. হারুনুর রশীদ, হুমায়ুন ইসলাম খান, নজরুল ইসলাম খান রাজন, ডা. সাখাওয়াত হাসান জীবন, আবদুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।
