আমরা রাজবাড়ী জেলার আফড়া বাজার এলাকার বাসিন্দা। আমাদের এলাকার চৌবাড়িয়া গ্রামের ডাক্তার মান্নানের বাড়ি থেকে রায়পুর গ্রাম পর্যন্ত এক সময় একটি হালট ছিল। ধান চাষের তাগিদে সরকারি কর্তৃপক্ষ ঐ হালট খনন করে খাল করে দিয়েছিলেন, ফলে বর্ষার পানি এসে ভরে গেলে ধান চাষের সুবিধা হতো এবং মাছের অভাব দূর হয়েছিল। কিন্তু বিগত কয়েক বছর আগে থেকে খালটির বিভিন্ন জায়গায় স্থাপনা নির্মাণ করা হয়েছে এবং আফড়া বাজারের সম্পূূর্ণ খাল দখল করে গড়ে তোলা হয়েছে দোকানপাট। আবার মেইন রোডের ব্রিজের নিচে বাঁধ দিয়ে খাল কেটে পুকুর বানিয়ে মাছ চাষ করা হচ্ছে। ফলে বর্ষার পানি তো দূরের কথা, বৃষ্টির পানিও প্রবাহিত হতে পারে না। বর্তমানে হাজার হাজার কৃষকের ধান জ্বলেপুড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে। তাই জরুরিভিত্তিতে সকল স্থাপনা অপসারণ এবং খালটি পুনঃখনন করে ধানের মাঠে পানি প্রবাহের ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
কাকলী সরকার
আফড়া, রাজবাড়ী
