খেলবে টাইগার জিতবে টাইগার

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৩২

মাশরাফিদের বিশ্বকাপের থিম সং প্রকাশ

 স্পোর্টস রিপোর্টার

ঢাকায় ভরদুপুর হলেও কার্ডিফে তখন সকাল। বিসিবির ডাকে কার্ডিফের টিম হোটেলে এক রুমে জড়ো হন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। লাল জার্সি গায়ে জড়িয়ে গতকাল সকালে কার্ডিফ থেকে স্কাইপে ভিডিও কলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে আয়োজিত বিশ্বকাপের থিম সং প্রকাশ অনুষ্ঠানে যুক্ত হন মাশরাফি বিন মুর্তজা-তামিম ইকবালরা। কার্ডিফ থেকে স্কাইপের মাধ্যমে অনুষ্ঠানের পুরোটাই দেখলেন ক্রিকেটাররা। ‘বুকের ভেতর আছে বিশ্বাস, খেলবে টাইগার জিতবে টাইগার’ শিরোনামে বিশ্বকাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জন্য থিম সং তৈরি করেছে পৃষ্ঠপোষক ইউনিলিভার। গতকাল দুপুরে বিসিবি ও ইউনিলিভারের কর্মকর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে থিম সং প্রকাশ করা হয়। থিম সংয়ের বিভিন্ন অংশে ক্রিকেটাররাও ছিলেন। দর্শকদের গর্জে উঠা, বিশ্বকাপে টাইগারদের পাশে থাকার বিষয়টি তুলে ধরা হয়েছে থিম সংয়ে।

সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা সবার উদ্দেশে বলেছেন, থিম সং খুব ভালো হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।