মুন্সীগঞ্জে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে আহত ২০, আটক ১০

আপডেট : ২৯ নভেম্বর ২০১৮, ০০:৫৯

মুন্সীগঞ্জ-২ আসনের টঙ্গীবাড়ি উপজেলা সদরে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে ২০ জন আহত হয়েছে। পুলিশ ককটেল ও দেশীয় অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে। বিএনপির মনোনয়ন পাওয়া সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ মিজানুর রহমান সিনহা ও মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সহ-সভাপতি আলী আজগর মল্লিক রিপনের সমর্থকদের সঙ্গে গতকাল বুধবার সকালে এই সংঘর্ষ বাধে।

টঙ্গীবাড়ি থানার ওসি আওলাদ হোসেন জানান, বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ ও অসংখ্য ককটেল বিস্ফোরণ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তার মোল্লা এবং টঙ্গীবাড়ি উপজেলা যুব দলের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে আটক করা হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ও ক্লিনিকে চিকিত্সা দেওয়া হয়েছে।

টঙ্গীবাড়ি বাজারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মিজানুর রহমান সিনহা দাবি করেন, তার পক্ষের ৭/৮ জন কর্মী আহত হয়েছে। আটক হয়েছে আরও কয়েকজন। তিনি জানান, লৌহজংয়ের কলমার নিজ বাড়ি থেকে তিনি কর্মীদেরকে নিয়ে শান্তিপূর্ণভাবে মনোনয়ন জমা দিয়ে আসেন। এই সময় টঙ্গীবাড়ি বাজারে তার বিপক্ষের লোকজন হামলা চালায়।

আলী আজগর মাল্লিক রিপন এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, মিজানুর রহমান সিনহার নির্দেশে আমার কর্মীদের ওপর সশস্ত্র হামলা করা হয়। এতে তার পক্ষের ১০/১২ কর্মী আহত হয়েছে এবং কয়েকজন আটক হয়েছে।