স্পোর্টস রিপোর্টার
বিশ্বকাপের প্রস্তুতি পর্ব শুরু হতেই বড় ধাক্কা খেল ইংল্যান্ড। গত শুক্রবার অনুশীলনের সময় বাঁহাতের তর্জনীতে আঘাত পেয়েছিলেন ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মরগান। সঙ্গে সঙ্গে আঙুলের এক্স-রে করতে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মরগানকে। যদিও পরে জানা গেছে, তার চোট গুরুতর নয়।
সাউদাম্পটনে গতকাল অনুষ্ঠিত ইংল্যান্ড-অস্ট্রেলিয়া প্রস্তুতি ম্যাচের জন্য অনুশীলন করছিলেন মরগান। চোটের কারণে গতকাল ম্যাচটা খেলেননি তিনি। ইংল্যান্ডকে নেতৃত্ব দিয়েছেন জস বাটলার।
ইসিবির বিবৃতিতে বলা হয়েছে, মরগানের আঙুলে হালকা ফাটল ধরা পড়েছে। কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই সেরে উঠবেন তিনি। আগামী ৩০ মে ওভালে উদ্বোধনী ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে ইংল্যান্ড।
নিজের ইনজুরি নিয়ে মরগান বলেছেন, ‘ক্যাচ প্র্যাকটিস করার সময় আমার আঙুল স্থানচ্যুত হয়েছিল এবং এখানে খুব সামান্য একটি ফাটল দেখা দিয়েছে, তবে ভালো খবর হলো যে, খুব বেশি গুরুতর কিছু হয়নি।’
উদ্বোধনী ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে যাওয়ার আশা করছেন মরগান। ইংল্যান্ড অধিনায়ক বলেছেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচের আগেই আমি খেলার জন্য ফিট হয়ে যাব পুরোপুরি। আমি কিছুটা হতাশ যে, আজ (গতকাল) খেলতে পারছি না।’
