রং ও কেমিক্যাল মিশিয়ে রাজবাড়ীর প্রত্যন্ত অঞ্চলের একটি কারখানায় তৈরি করা হচ্ছে খাগড়াছড়ির উন্নতমানের হলুদ। দীর্ঘদিন ধরে ওই কারখানায় তৈরি করা হলুদ বাজারজাত করে ক্রেতাদের প্রতারিত করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত কারখানায় অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করে। রাজবাড়ীর এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জামিরুল ইসলাম বলেন, জেলা শহরের শহীদ ওহাবপুর ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চল রামপুরে মেসার্স রূপালী হলুদ চাটাই এন্ড রাইস মিল নামক একটি কারখানায় রং ও কেমিক্যাল মিশিয়ে খাগড়াছড়ির হলুদ বলে প্যাকেটজাত করে তা নিয়মিত ভাবে বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি অবহিত হয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়।
