চাঁদপুরে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম বিঘ্নিত

আপডেট : ০৮ মে ২০১৪, ২১:২৬
চাঁদপুরে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দীর্ঘদিন যাবত্ বিচারক, জনবল, আসবাবপত্র, এজলাস, সরকারি ফরম, যানবাহন ইত্যাদি সংকটে নানামুখী সমস্যা বিরাজ করায় বিচারিক কার্যক্রমে বিঘ্ন হচ্ছে। বর্তমানে এখানে বিচারাধীন মামলার সংখ্যা ৯ হাজার ২১৫টি। অথচ এখানে বর্তমানে কর্মরত বিচারক আছেন মাত্র ৫ জন। আবার ৮৮ জন কর্মচারীর মধ্যে ১৩টি কর্মচারীর পদ শূন্য পড়ে আছে দীর্ঘদিন। এজলাস সংকটের কারণে বিচারকদের সকাল-বিকাল ভাগাভাগি করে একই এজলাসে বিচারকার্য পরিচালনা করতে হচ্ছে। গত বছর চাঁদপুরে চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন নির্মাণ করার জন্য আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও সেখানে কোন কাজ শুরু হয়নি। কোর্ট পুলিশ পরিদর্শক জানান, এখানে আসামি আনা নেয়ার জন্য কোন প্রিজন ভ্যান বা গাড়ি নেই। নেই প্রয়োজনীয় আসবাবপত্র, নেই প্রয়োজনীয় কক্ষ। একই কক্ষে জিআরওদের ঠাসাঠাসি করে বসতে হচ্ছে।