ফ্রেঞ্চ ওপেন শুরু আজ
স্পোর্টস ডেস্ক
শিরোপা জয়ের লক্ষ্যে বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ফ্রেঞ্চ ওপেনে খেলতে নামছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা নোভাক জকোভিচ। তবে শিরোপাধারী রাফায়েল নাদাল তার প্রিয় কোর্টে জকোভিচের কাজটা মোটেও সহজ হতে দেবেন না। তিন বছর পর প্রতিযোগিতাটিতে ফেরা রজার ফেদেরার অবশ্য এবার শিরোপা জয়ের আশা করছেন না।
নারী এককে সিমোনা হালেপের লক্ষ্য থাকবে শিরোপা ধরে রাখার। তবে শেষ দুই গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন ও অজি ওপেনজয়ী নাওমি ওসাকা কিংবা ক্যারিয়ারের ২৪তম শিরোপার সন্ধানে থাকা সেরেনা উইলিয়ামসরাও ছেড়ে কথা বলবেন না এবার।
গেল কিছুদিন ধরেই বেশ ফর্মে আছেন জকোভিচ। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জেতার পর সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ক্লে কোর্টেও দারুণ খেলছেন। মাদ্রিদে শিরোপাজয়ের পর ইতালিতে খেলেছিলেন ফাইনাল, যেখানে ফরাসি ওপেন শিরোপাধারী নাদালের কাছে হেরেছিলেন তিনি।
এখানে অনন্য এক কীর্তিও হাতছানি দিচ্ছে তাকে। এবার শিরোপা জিতলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো টানা চারটি শিরোপা জয়ের কৃতিত্ব দেখাবেন এই সার্বিয়ান। এর আগে ২০১৫-১৬ এর দিকে প্রথমবারের মতো টানা চারটি শিরোপা জিতেছিলেন তিনি, যার শেষটা হয়েছিল এই ফরাসি ওপেন দিয়েই!
সাম্প্রতিক এই ফর্মের সঙ্গে অনন্য কীর্তির হাতছানি তাকে রোঁলা গারোঁয় শিরোপাজয়ের ব্যাপারে আশাবাদী করছে। তিনি বলেন, ‘এটা সেই প্রতিযোগিতা যার জন্য আমি নিজেকে প্রস্তুত করছিলাম। তাই বলতে হয় শেষ দুই মাসে আমি ছন্দে থেকেই এখানে আসতে চাইছিলাম এবং এটা সেই জায়গা যেখানে আমি আমার সেরা খেলাটা খেলতে চাই।’
তিনি আরো বলেন, ‘আমি নিশ্চিত যে আমিই একমাত্র নই। কিন্তু এবারের রোঁলা গারোঁ জিততে একটু বাড়তি অনুপ্রেরণা ও উদ্দীপনা কাজ করছে, কেননা এটা জিতলেই টানা চারটি শিরোপা জেতা হবে, যেটা আমি তিন বছর আগেই করেছিলাম। এটা আমাকে পুনরায় করে দেখানোর জন্য আত্মবিশ্বাসীও করে তোলে।’
তবে প্রতিযোগিতার রেকর্ড ১১ বারের বিজয়ী নাদাল তার প্রিয় কোর্টে নিশ্চিতভাবেই এমন কীর্তি গড়তে দিতে চাইবেন না। এদিকে রজার ফেদেরার তিন বছর পর ফরাসি ওপেনে ফেরায় নিজের প্রত্যাশার পারদ উঁচুতে চড়াচ্ছেন না। প্রতিযোগিতার শেষদিকের পর্বগুলোয় খেলতে পারলেই সন্তুষ্ট থাকবেন বলে জানিয়েছেন তিনি।
নারী এককে শিরোপাধারী সিমোনা হালেপের রাজত্বে এবার হানা দিতে পারেন জাপানি বিস্ময়কন্যা নাওমি ওসাকা। ইউএস ওপেন ও অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর এবার তার সামনে হাতছানি ফরাসি ওপেন জয়ের। নারী টেনিসের রেকর্ড গ্র্যান্ড স্ল্যাম জয়ী সেরেনা উইলিয়ামসও অনেক কঠিন প্রতিপক্ষ হিসেবেই নামবেন এ লড়াইয়ে।
