সুনামগঞ্জে হরতাল আগামীকাল

আপডেট : ০৮ মে ২০১৪, ২৩:১০
‘নিখোঁজ’ বিএনপি নেতা ও তার গাড়ি চালকের সন্ধান দাবিতে রবিবার সুনামগঞ্জে আধাবেলা হরতাল ডেকেছে জেলা বিএনপি। বৃহস্পতিবার বিক্ষোভ মিছিল শেষে কোর্ট পয়েন্টে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন জেলা বিএনপি’র আহবায়ক নাসির উদ্দিন চৌধুরী। গত রবিবার রাত থেকে সুনামগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য অনাবাসী বাংলাদেশি মুজিবুর রহমান ও তার গাড়ি চালক সুহেল নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার সকালে সুনামগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন মুজিবুরের ভাগ্নি জামাই রবিউল ইসলাম। এদিকে বিডিনিউজ জানায়, সুনামগঞ্জে ‘নিখোঁজ’ বিএনপি নেতা হাজী মুজিবুর রহমান ব্রিটেনে হত্যা চেষ্টার দায়ে কারাদণ্ড ভোগ করেছিলেন। ইউকে যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিবুর লন্ডনের ব্রাডি সেন্টারে যুবদলের এক সভায় তার দলের এক কর্মীকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টা চালান। এই অপরাধে কারাদণ্ড শেষে তার শরীরে গতিবিধি নজরদারির যন্ত্র লাগিয়ে দেয়া হয়। প্রবাসীরা তাকে এই যন্ত্রসহ ঘুরতে দেখেছেন। ইউকে বিএনপির সহ-সভাপতি মুজিবুরের বিরুদ্ধে মাদক চোরাচালানের অভিযোগও রয়েছে।