স্পোর্টস রিপোর্টার
ইনজুরির ভয় নিয়েই বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলার পর্ব শুরু করেছে ভারত। গত শুক্রবার অনুশীলনের মাঝ পথে ডান হাতে আঘাত পেয়ে নেট ত্যাগ করেছিলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। নেট বোলার খলিল আহমেদের বলে পুল করতে গিয়েছিলেন বিজয় শঙ্কর, কিন্তু বল তার কব্জিতে আঘাত হানে। খলিলসহ চার ফাস্ট বোলারকে দলের সঙ্গে ইংল্যান্ড নিয়ে গেছে ভারত। নেট বোলার হিসেবে বোলিং করবেন তারা।
শুক্রবার ব্যাটসম্যানদের দ্বিতীয় গ্রুপের অংশ হয়ে নেটে ব্যাটিংয়ের জন্য এসেছিলেন বিজয় শঙ্কর। সঙ্গে মহেন্দ্র সিং ধোনি, হার্ডিক পান্ডিয়ারা ছিলেন। ব্যথা পাওয়ার পরপরই এই তরুণ নেট থেকে বের হন। বিকালে তার হাতের স্ক্যান করা হয়। স্ক্যান রিপোর্টে কোনো চিড় ধরা পড়েনি। তাই এখন শঙ্কামুক্ত এই ভারতীয় অলরাউন্ডার।
তবে ওভালে গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভারতীয় একাদশে রাখা হয়নি বিজয় শঙ্করকে। সাইড বেঞ্চে বসেছিলেন তিনি। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ২৮ মে বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারত। এর মাঝে নিয়মিত বিজয় শঙ্করের ফিটনেস এবং আঘাতের অবস্থা মূল্যায়ন করা হবে।
এদিকে আইপিএলে চোট পাওয়া কেদার যাদব এখনও পুরোদমে অনুশীলন শুরু করতে পারেননি।
