বাংলাদেশ ও বিশ্বপরিচয়
মো: আতিকুল ইসলাম (জাহিদ), সহকারি শিক্ষক
রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রাজশাহী
বাংলাদেশের
সরকারের বিভিন্ন অঙ্গ ও
প্রশাসন ব্যবস্থা
জনাব তানজিদ এবং মিসেস নাফিসা দুজনেই বাংলাদেশের একটি নির্দিষ্ট এলাকার শাসন ব্যবস্থার সাথে জড়িত। মিসেস নাফিসা একজন কর্মকর্তা হওয়া সত্ত্বেও করারোপ করতে পারে না। তবে রাজস্ব আদায় করতে পারে। পক্ষান্তরে জনাব তানজিদ করারোপ করতে পারে।
ক) বাংলাদেশের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন কে? ১
খ) অভিশংসন বলতে কী বোঝায়? ২
গ) মিসেস নাফিসা কোন ধরণের প্রশাসন কর্মরত? ব্যাখ্যা করো। ৩
ঘ) তুমি কি মনে করো জনাব তানজিদ যে ধরণের প্রশাসনে কর্মরত সে ধরণের প্রশাসন ব্যবস্থার প্রয়োজন আছে? তোমার মতামত দাও। ৪
ক) উত্তর: বাংলাদেশের প্রধানমন্ত্রী নিযুক্ত করেন রাষ্ট্রপতি।
খ) উত্তর: অভিসংশন হলো সংবিধান অনুয়ায়ী আইনসভা কর্তৃক রাষ্ট্রপতি অপসারণ করার প্রক্রিয়া।
সংসদ সংবিধান অনুয়ায়ী রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। এটি সংসদের বিচার বিষয়ক ক্ষমতা। সংবিধান লঙ্ঘন, গুরুতর অপরাধি, দৈহিক ও মানসিক অসুস্থতা ও অক্ষমতার জন্য সংসদ রাষ্ট্রপতিকে অপসারণ করতে পারে। প্রয়োজনে স্পিকার, ডেপুটি স্পিকার ও ন্যায়পালকে অপসারণ করার ক্ষমতা ও সংসদের রয়েছে। এ প্রক্রিয়াকে বলা হয় অভিসংশন।
গ) উত্তর: উদ্দীপকের মিসেস নাফিসা স্থানীয় প্রশাসনে কর্মরত। প্রত্যেক রাষ্ট্রে কোনো না কোনোরূপ স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে। তবে এ রূপ বা ধরণ এক ও অভিন্ন নয়। একটি দেশের রাজনৈতিক ব্যবস্থার ন্যায় এ স্থানীয় সরকার ব্যবস্থা ও অন্য আরেকটি দেশ থেকে ভিন্ন হয়ে থাকে। এর মূলে রয়েছে একটি দেশের ভৌগলিক অবস্থা, জনগণের বৈচিত্র, রাজনৈতিক সংস্কৃতি ইত্যাদি।
উদ্দীপকের মিসেস নাফিসা নির্দিষ্ট এলাকার শাসনের সাথে জড়িত। তবে তিনি করারোপ করতে পারেন না। যা স্থানীয় প্রশাসনকে নির্দেশ করে। স্থানীয় প্রশাসন বলতে স্থানীয় পর্যায়ের বিভাগীয়/জেলা এবং উপজেলা শাসন ব্যবস্থাকে বোঝায়। প্রশাসনের সুবিধার্থে এর সৃষ্টি। এ প্রক্রিয়ায় কেন্দ্রীয় শাসন ও নিয়ন্ত্রণকে নিম্ন পর্যায়ের পর্যন্ত নিয়ে যাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা, রাজস্ব আদায় ও সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নই এর মূখ্য উদ্দেশ্য। এ ব্যবস্থায় স্থানীয় শাসনের সঙ্গে সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিবৃন্দ সরকারের এজেন্ট বা প্রতিনিধি হিসেবে গণ্য। যেমন আমাদের দেশে বিভাগীয় ও জেলা প্রশাসক এবং থানা নির্বাহী অফিসার। স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা নিয়োগ পরীক্ষা মাধ্যমে নির্বাচিত হয়। একই সাথে তারা সরকারি কর্মকর্তা দ্বারা পরিচালিত। এক্ষেত্রে তারা খাজনা বা কর আরোপ করতে পারে না। যা উদ্দীপকের মিসেস নাফিসার সাথে সাদৃশ্যপূর্ণ। সুতরাং মিসেস নাফিসা স্থানীয় প্রশাসনে কর্মরত।
ঘ) উত্তর: উদ্দীপকের জনাব তানজিদ স্থানীয় প্রশাসনের স্থানীয় স্বায়ত্বশাসিত সরকারের সাথে জড়িত। আমি মনে করি এ ধরনের প্রশাসন ব্যবস্থার যথেষ্ট প্রয়োজন রয়েছে। স্থানীয় স্বায়ত্বশাসন বলতে নির্দিষ্ট এলাকাভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। সংশ্লিষ্ট এলাকার জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হয় এবং ঐ জনগণের নিকট তা দায়িত্বশীল থাকে। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্বশাসিত প্রতিষ্টানগুলোর মধ্যে রয়েছে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ইত্যাদি।
উদ্দীপকের তানজিদ নির্দিষ্ট এলাকার শাসনের সাথে জড়িত। একই সাথে সে কর আরোপ করতে পারে। যা স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সাথে সাদৃশ্যপূর্ণ। আধুনিককালে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে স্থানীয় স্বায়ত্বশাসনের গুরুত্ব যে কতো বেশি তা বলার অপেক্ষা রাখে না। বর্তমানে রাষ্ট্রের আয়তন ও জনসংখ্যা বিশাল। তাই কেন্দ্রীয় সরকারের পক্ষে দেশের সর্বত্র সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা, নানা বিষয়ে নজর রাখা বা তদারকি করা, স্থানীয় সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ সঠিক সময়ে নেওয়া সম্ভব হয় না। যার কারণে অঞ্চল নির্বিশেষে সুষম উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হয় না। স্থানীয় শাসন ব্যবস্থার মাধ্যমে তা সম্ভবপর হয়।
স্থানীয় শাসন ব্যবস্থার গুরুত্ব অনেক। এর ফলে কেন্দ্রের মুখাপেক্ষীতা কমে এবং আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত থেকে স্থানীয় পর্যায়ে এলাকাভেদে বিশেষ প্রয়োজন, বৈচিত্র্য ও বাস্তবতার আলোকে বিভিন্ন সমস্যার সমাধান ও স্থানীয় উন্নয়নের ত্বরিত উদ্যোগ বা পদক্ষেপ গ্রহণ সম্ভব হয়। এ ব্যবস্থা স্থানীয় শাসন ও উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ, তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও নেতৃত্ব সৃষ্টি এবং প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি বা বুনিয়াদকে সুদৃঢ় করতে সহায়ক হয়।
এ ধরনের প্রশাসন ব্যবস্থার কারণেই দেশের নেতৃত্বের বিকাশ ঘটে এবং তৃণমূল পর্যায় থেকে অনেক যোগ্য নেতৃত্ব উঠে আসে। যা পরবর্তীতে দেশের আর্থ সামাজিক উন্নয়নে বিশেষ সহায়ক ভূমিকা পালন করে থাকে। তাই আমি মনে করি স্থানীয় প্রশাসনের গুরুত্ব অত্যাধিক।
