ডলফিনের সাথে কথোপকথন

আপডেট : ০৯ মে ২০১৪, ১৯:৪০
গবেষকরা কত কি-ই না আবিষ্কার করছেন। তেমনই একটি আবিষ্কার থেকে বাদ যায়নি ডলফিনও। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকরা পানির নিচে ডলফিনের সঙ্গে মানুষের সরাসরি ‘আলাপ’ জমাবার পদ্ধতি উদ্ভাবন করেছেন। গবেষকদের দাবি, ডলফিনের সঙ্গে ‘কথা’ বলতে পারবে মানুষ। আর ডলফিনের সঙ্গে যোগাযোগ করতে পানির নিচে ব্যবহার করা যায় এমনই একটি কম্পিউটার উদ্ভাবন করেছেন গবেষকরা। আরও জানা গেছে, ওয়াইল্ড ডলফিন প্রকল্পে কর্মরত গবেষকরা ডলফিনদের সঙ্গে সরাসরি পরীক্ষামূলক আলাপ করতে ফ্লোরিডার সমুদ্রে নামবেন আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। তবে, গবেষকরা ডলফিনের সঙ্গে আলোচনার জন্য যে যন্ত্রটি তৈরি করেছেন তা মূলত হাইড্রোফোনভিত্তিক। এই যন্ত্রটির সাহায্যে ডলফিনের শব্দ গ্রহণ করা যায় এবং যন্ত্রটিতে থাকা এলইডি কোনদিক থেকে শব্দটি আসছে তা নির্দেশ করে। আর ডলফিনদের কাছ থেকে পাওয়া শব্দ থেকে প্রথম ৮টি শব্দ রিয়েল টাইমে আবারও এই যন্ত্রটির মাধ্যমে ফেরত পাঠানো হবে। এককথায় বলতে গেলে একটি ছোটখাটো কম্পিউটার নিয়ে নামতে হচ্ছে পানিতে, এই ডলফিনদের সাথে আলাপ চালিয়ে যাওয়ার জন্য। এই পদ্ধতিটি ডলফিনের অনুকরণ করার একটি পদ্ধতি। এভাবে ডলফিনের বিভিন্ন শব্দ সংগ্রহ করে একটি ডলফিন ক্যাটালগ তৈরি করা হবে। পরবর্তীতে মানুষ ডলফিনের ভাষা বুঝে নেবে। অদূর ভবিষ্যতে আমরা ডলফিনের সাথে আলাপ করতে পারব, জেনে নিতে পারব সাগরের অজানা লুকানো রহস্যগুলো। অপেক্ষায় রইলাম সেই দিনটির।