নিউইয়র্ক পুলিশের সেরা অফিসার পিরোজপুরের জামিল সারওয়ার

আপডেট : ০৯ মে ২০১৪, ২১:০৫
পিরোজপুরের কৃতি সন্তান বাংলাদেশি আমেরিকান জামিল সারওয়ার জনি নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সেরা কর্মকর্তার অ্যাওয়ার্ড পেয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কের ব্রকলিনের অভিজাত ডাইকার বিচ গলফ ক্লাবে অনাড়ম্বর এক অনুষ্ঠানে জামিল সারওয়ারের হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার মেলিসা মার্ক বিবেরিতো, ব্রকলিন বরো প্রেসিডেন্ট এরিক এডামস, কাউন্সিলম্যান চেইম এম. ডয়েটসসহ নিউইয়র্ক পুলিশের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। হল ভর্তি পুলিশ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে জামিল সারওয়ার জনিকে বাংলাদেশি বংশোদ্ভূত একজন চৌকষ কর্মকর্তা হিসাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। জামিল সারওয়ার জনির গ্রামের বাড়ি পিরোজপুর জেলা সদরের শেখপাড়ায়। তার বাবা সারওয়ারুল ইসলাম পিরোজপুরের বিশিষ্ট আইনজীবী এবং মা রেনু সুলতানা পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের সাবেক অধ্যক্ষ। জামিল সারওয়ার রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে মাস্টার্স করার পর ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ২০১২ সালে নিউইয়র্ক পুলিশের অপারেশন ইমপ্যাক্ট ইউনিটে যোগদান করেন। গত বছরের ৪ জুলাই ব্রুকলিনের সাইপ্রাস হিল এলাকায় দায়িত্ব পালনের সময় সন্ত্রাসীদের গুলিতে মারাত্মক জখম হন তিনি। জীবনের ঝুঁকি নিয়ে সন্ত্রাসীদের মোকাবেলা করায় সাহসিকতার জন্য তাকে এ সম্মানে ভূষিত করা হয়।