স্টাইকার ভিনসেন্ট আবুবাকারের বিশ্বাস এবারের বিশ্বকাপে ক্যামেরুন একটি কিংবা দুটি অপ্রত্যাশিত ফল দেখাতে পারবে। যদিও আফ্রিকান দলটি পড়েছে কঠিন গ্রুপে।
আফ্রিকার ‘অদম্য সিংহ’ নামে অভিহিত ক্যামেরুন ‘এ’ গ্রুপে স্বাগতিক ব্রাজিল, ইউরোপের অন্যতম কঠিন দল ক্রোয়েশিয়া ও বরাবরের চূড়ান্ত পর্বে খেলা মেক্সিকোর সাথে পড়েছে। তারপরও লরিয়েন্ত ফরোয়ার্ড আবুবাকার ফিফার ওয়েবসাইটকে তার এই বিশ্বাসের কথা বলেন।
ক্যামেরুনের সম্ভাবনা প্রসঙ্গে তিনি বলেন,‘বিশ্বকাপ খুবই কঠিন এক প্রতিযোগিতা এবং আমাদেরকে ২০১০ সালের আসরটির হতাশাকে পেছনে ঠেলে এগিয়ে যেতে হবে। আমি জানি আমরা আবারো সত্যি এক কঠিন গ্রুপে পড়েছি। তারপরও আমি মনে করি ক্যামেরুন একটা তাক লাগানো ফল বের করে আনতে পারে। আমরা যতক্ষণ পর্যন্ত জাতীয় দলের জার্সির গায়ে লড়াই চালাবো, আমি নিশ্চিত স ষ্টাও আমাদের সাহায্য করবেন।’
ক্যামেরুন ১৩ জুন মেক্সিকোর সাথে খেলাটি দিয়ে এবারের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর ১৮ জুন ক্রোয়েশিয়া ও ২৩ জুন রাজধানী ব্রাসিলিয়ায় স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে।
গত বিশ্বকাপের দলেও ছিলেন এই স্ট্রাইকারটি যাকে এবার আক্রমণভাগে স্যামুয়েল ইতোর সাথে দেখা যেতে পারে। ২০১০ সালের বিশ্বকাপে তিনি কেবল দুটি ম্যাচে বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। যদিও ক্যামেরুন গত বিশ্বকাপে গ্রুপ পর্বের তিনটি খেলায় সবকটিতেই পরাজিত হয়েছিল।
চলতি মৌসুমে আবুবাকার এখন পর্যন্ত ফরাসি ক্লাবটির হয়ে ১৬ গোল করেছেন। ফরাসি লিগে ২২ বছর বয়সী খেলোয়াড়টির চেয়ে বেশি গোল করেছেন কেবল প্যারি সেন জার্মেইর জ্লাটান ইব্রাহিমোভিচ।
