বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার সান্দিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় গ্রামের বড় দীঘির হুমকির মুখে পড়েছে। ফলে বিদ্যালয় রক্ষা ও শিক্ষা ব্যবস্থা সচল রাখা নিয়ে বিদ্যালয় সংশ্লিষ্ট শিক্ষক, ম্যানেজিং কমিটি ও অভিভাবক মহল উদ্বিগ্ন হয়ে পড়েছেন। আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া গ্রামে প্রায় সাড়ে ১০ একর সম্পত্তিতে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী বড়দীঘি সংলগ্ন অবস্থিত সান্দিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। বর্ষা মৌসুমে দীঘি পানিতে ভরে যায়, পানির চাপে পাড় ভেঙে বিদ্যালয়টি দীঘিগর্ভে বিলীন হওয়ায় আশংকা করা হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা পারভীন জানান, ১৯০৬ সালে বিদ্যালয় প্রতিষ্ঠা হয় এবং ১৯৮৫ সালে একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়। বিদ্যালয়ে ৪৫০ জন শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। গ্রামবাসী ও ম্যানেজিং কমিটির আন্তরিক সহায়তায় প্রতি বছর দীঘির পাড়ে মাটি ফেলে বিদ্যালয়টি রক্ষা করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য ময়েন উদ্দীন জানান, গ্রামের একমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয় রক্ষার স্বার্থে দীঘির পশ্চিম পাড়ে রিটার্নিং ওয়াল নির্মাণ জরুরি।
