রায়পুরে বন্ধের পথে মত্স্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্র

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৫
পানি সংকটের কারণে রায়পুর মত্স্য প্রজনন ও প্রশিক্ষণ কেন্দ্রে মত্স্য রেণু ও পোনা উত্পাদন প্রায় বন্ধ। ১৯৮১ সালে সরকারিভাবে প্রতিষ্ঠিত ৫৪ একর সম্পত্তির ওপর দেশের বৃহত্তম এ প্রজনন কেন্দ্রে এপ্রিল হতে আগস্ট মাস পর্যন্ত রেণু ও পোনা উত্পাদনের মৌসুম। কৃত্রিম উপায়ে প্রজনন ঘটিয়ে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া ও সিলভার কার্পসহ জাতীয় কয়েক প্রজাতির মাছের উন্নতমানের রেণু ও পোনা উত্পাদন করা হয়। উত্পাদন প্রক্রিয়ার প্রধান উপকরণ বিশুদ্ধ পানি। প্রজনন কেন্দ্র অফিস হতে জানা যায়, বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোডশেডিং-এ গভীর নলকূপ দ্বারা চাহিদার ৫ ভাগ পানিও উঠানো সম্ভব হচ্ছে না। এতে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। কেন্দ্রে ৭৫টি পুকুরের মধ্যে ৪৫টি পুকুর পানিশূন্য। দূষিত পানির কারণে মাছ ও উত্পাদিত রেণু পোনার গুণগত মান নষ্ট হচ্ছে এবং উত্পাদনের সময় অনেক রেণু মারা যায়। গত এপ্রিল মাসে পানি সংকটের কারণে ৬০টি ব্রুড ফিস এবং ৮০ কেজি রেণু মারা গেছে। এ বছর ৬৫০ কেজি রেণু উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কিন্তু পানি সংকটে উত্পাদন ব্যাহত হওয়ার কারণে মত্স্য চাষিদের চাহিদা অনুযায়ী রেণু ও পোনা উত্পাদন করা সম্ভব নাও হতে পারে।