পেট্রো বাংলা ও তিতাস গ্যাস যখন সারাদেশে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে ব্যস্ত গাজীপুরের কালীগঞ্জে তখন অবৈধ গ্যাসের নতুন সংযোগের হিড়িক পড়েছে। একটি প্রভাবশালী মহল কোন নিয়ম-নীতির তোয়াক্কা না করে উপজেলার তুমলিয়া এলাকায় অবৈধ নতুন গ্যাস সংযোগের জন্য রোড কাটিং চালাচ্ছে। যে কারণে প্রশাসনও রহস্যজনক কারণে বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।
জানা যায়, উপজেলার তুমলিয়া এলাকায় চলছে অবৈধ গ্যাসের নতুন সংযোগ। এ সমস্ত এলাকায় সরকারের কোটি কোটি টাকা ক্ষতি করে রাতের আঁধারে রোড কেটে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে যাচ্ছে। অথচ রহস্যজনক কারণে স্থানীয় প্রশাসন এবং গ্যাস কর্তৃপক্ষ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করছে। জেলা তিতাস গ্যাস অফিসের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারীর যোগসাজশে সরকার দলীয় নেতা-কর্মীরা অবৈধভাবে গ্যাসের নতুন এ সংযোগ দিয়ে রাতারাতি হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।
