পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৬
দেশের বিভিন্নস্থানে পৃথক ঘটনায় ৫ জনের মৃত্যু হয়েছে। খবর ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের। রায়গঞ্জে কলেজ ছাত্রীর আত্মহত্যা! সিরাজগঞ্জের রায়গঞ্জে এক কলেজ ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চান্দাইকোনা গ্রামে। পুলিশ জানায়, ঐ গ্রামের আব্বাস ফকিরের কন্যা সরকারি আযিযুল হক কলেজের দর্শন বিভাগে অনার্স প্রথমবর্ষের ছাত্রী শারমিন আকতার পপি (২০) মা-বাবার উপর অভিমান করে নিজ শোবার ঘরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়। দোহারে গলিত লাশ উদ্ধার ঢাকার দোহার উপজেলায় ধুবলী এলাকায় ধানক্ষেত থেকে শুক্রবার সকালে অজ্ঞাত এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। জানা গেছে, সকালে স্থানীয় লোকজন মৌসুমী ইরি ধান কাটার জন্য ক্ষেতে যায়। পরে তারা ধান ক্ষেতের মধ্যে একটি গলিত লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে দোহার থানা পুলিশ লাশ উদ্ধার করে। নীলফামারীতে বিদ্যুতের তারে জড়িয়ে শ্রমিক নিহত নীলফামারীর কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে এমদাদুল হক (১৫) নামের এক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার খাদ্য গোডাউনের পিছনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শ্রমিক বাহাগিলী ইউনিয়নের খামাতপাড়া গ্রামের আমিনুর রহমানের পুত্র। জানা যায়, শুক্রবার সকালে মশিউর রহমানের বাড়িতে কাজ করার সময় পার্শ্ববর্তী বাসার মালিক লেবু মিয়া এমদাদুলকে তার বাসার পানির ট্যাংক মেরামত করার জন্য ছাদে নিয়ে যায়। এ সময় সে পা পিছলে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। গাজীপুরে বাস চালকের লাশ উদ্ধার গাজীপুর মহানগরের কামারজুড়ি এলাকার একটি ধানক্ষেত থেকে শুক্রবার সকালে এক বাস চালকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে জয়দেবপুর থানার পুলিশ। নিহত ইমাম হোসেন খন্দকার (৩৩) বরিশালের কোতোয়ালি থানার চরমোনাই গ্রামের ইব্রাহিম খন্দকারের ছেলে। সে গাজীপুর মহানগরীর ছয়দানা হারিকেন এলাকায় ভাড়া থাকতো। জয়দেবপুর থানার এসআই মো. বাছিরউদ্দিন জানান, সকালে কামারজুড়ি এলাকার একটি ধানক্ষেতে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নলছিটিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার ঝালকাঠির নলছিটি উপজেলার সরমহল চুনারীর খাল থেকে গতকাল শুক্রবার সকালে অজ্ঞাত ব্যক্তির(৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠায়।