বেনাপোল সীমান্তে অনুপ্রবেশ রোধে বিএসএফের তল্লাশী বৃদ্ধি

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৬
ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভোটের আগে সীমান্ত এলাকার নিরাপত্তা এখন থেকে জোরদার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশ। ইতিমধ্যে বেনাপোলসহ যশোর, সাতক্ষীরা সীমান্তের বিপরীতে ভারত সীমান্তবর্তী গ্রামে বিএসএফ এবং পুলিশ যৌথভাবে তল্লাশী শুরু করেছে। ১২ মে ভোটের দিন পর্যন্ত এই তল্লাশী চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। অসমে সাম্প্রতিক নাশকতা ও সীমান্ত এলাকায় ভোটের সময় গোলযোগ হতে পারে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেয়া এমন সতর্ক বার্তাতেই তল্লাশী শুরু হয়েছে বলে বিএসএফ সূত্রে খবর। সীমান্ত এলাকায় নদীপথে স্পীড বোট এবং স্থলপথে বিশেষ রুট মার্চ করে এলাকায় প্রভাব বাড়াচ্ছে বিএসএফ। সন্দেহভাজন কাউকে দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিএসএফের এডিজি বলেন, নির্দিষ্ট কোনো খবর না থাকলেও ভোটের কারণে সীমান্ত এলাকায় আমরা সতর্ক আছি। তাছাড়া অসমের সাম্প্রতিক নাশকতার ঘটনাও আমাদের মাথায় আছে। সে জন্য আমরা সীমান্তবর্তী প্রতিটি এলাকাতেই কঠোর ব্যবস্থা নিয়েছি। উত্তর ২৪ পরগনার পুলিশ সুপার তন্ময় রায় চৌধুরী বলেন, ভোটের আগে সীমান্ত এলাকায় আমরা নিরাপত্তা জোরদার করেছি। ইতিমধ্যে বিএসএফে’র সঙ্গে আমাদের কো-অর্ডিনেশন মিটিং হয়েছে। সে কারণে এসব এলাকায়ও নজরদারি বাড়িয়েছে যৌথবাহিনী। সীমান্ত এলাকার গ্রামের প্রতিটি বাড়িতে দিনে ও রাতে তল্লাশী চালাচ্ছে বিএসএফ ও পুলিশ। টাকি শহর হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের ইছামতি নদী বরাবর স্পীড বোট দিয়েও নজরদারি করা হচ্ছে। সন্ধ্যার সাথে সাথে জ্বালানো হচ্ছে সার্চ লাইট।