নাগরপুরে বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল শুক্রবার গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দরিদ্র, এতিম ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গয়হাটা শিক্ষা ও সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোঃ কায়ছার রহমানের সভাপতিত্বে ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান করেন প্রধান অতিথি রেজিস্ট্রার সমবায় অধিদপ্তরের অতিরিক্ত সচিব মোঃ হুমায়ন খালিদ। বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ হামিদুর রহমান ঝন্টু, গয়হাটা উদয় তারা উচ্চ বিদ্যালয়ের আজীবন সদস্য মোঃ আমিনুর রহমান নান্টু।
লালপুরে বিনামূল্যে চিকিত্সা সেবা
লালপুর (নাটোর) সংবাদদাতা \ শুক্রবার নাটোরের লালপুর উপজেলার ভুইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেসরকারি সংস্থা লাভলী ফাউন্ডেশনের উদ্যোগে একদিনের বিনামূল্যে চিকিত্সা সেবা কর্মসূচি অনুষ্ঠিত হয়। সকালে নাটোর-১ আসনের সংসদ সদস্য এ্যাড. আবুল কালাম আজাদ টেলিকনফারেন্সিং-এর মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় সংস্থার নির্বাহী পরিচালক সিলভিয়া পারভীন ল্যানি, নাটোর জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা বাবু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক বাবুল আকতার, আওয়ামী লীগ নেতা আনিসুজ্জামান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
রূপগঞ্জে যুবদল সভাপতির বহিষ্কারাদেশ প্রত্যাহার
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা \ নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকনের বহিষ্কারাদেশ গতকাল শুক্রবার প্রত্যাহার করা হয়েছে। যুবদলের কেন্দ্রিয় কমিটির দপ্তর সম্পাদক কাজী রফিক স্বাক্ষরিত এক চিঠি দিয়ে তার এ বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। পঞ্চম ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি’র বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় রূপগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকনকে দল থেকে বহিষ্কার করা হয়। এতে নেতা-কর্মীদের মধ্যে হতাশা নেমে আসলেও যুবদলের কেন্দ্রিয় নেতা মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু নির্বাচনী মাঠে থাকায় তা কাটিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসে। এদিকে বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবরে রূপগঞ্জ উপজেলার ভুলতা, গোলাকান্দাইল, ভোলাব, কাঞ্চন, দাউদপুর, তারাবো, কায়েতপাড়া, রূপগঞ্জ, চনপাড়া এলাকায় পৃথকভাবে আনন্দ মিছিল বের করে যুবদল। যুবদলের সভাপতি আলহাজ্ব গোলাম ফারুক খোকনকে উপজেলার ভুলতা এলাকায় গতকাল শুক্রবার দুপুরে সংবর্ধনা দেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
বানারীপাড়ায় রোটারী ক্লাব অব ঢাকার লাইফ জ্যাকেট বিতরণ
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা \ বানারীপাড়ায় রোটারী ক্লাব অব ঢাকা কসমোপলিটন’র উদ্যোগে আর্তমানবতার সেবায় দুস্থ ও অসহায় জেলেদের মাঝে লাইফবয়া ও লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার উপজেলার কাজলাহার গ্রামের সন্ধ্যা নদীর তীরে এবিসি ব্রিক ফিল্ডে জেলেদের মাঝে লাইফবয়া ও লাইফ জ্যাকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এ্যাসিস্টেন্ট গভর্নর ফোরামের প্রেসিডেন্ট রোটারীয়ান পিপি ক্যাপ্টেন এম মোয়াজ্জেম হোসেন বাবুল। বিশেষ অতিথি ছিলেন রোটারী ক্লাব অব ঢাকা কসমোপলিটন’র ভাইস প্রেসিডেন্ট সৈয়দ শাখওয়াত হোসেন ও পরিচালক আলাউদ্দিন।
ঝিনাইগাতী কো-অপারেটিভ শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন
ঝিনাইগাতী,(শেরপুর) সংবাদদাতা \ শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় গতকাল শুক্রবার আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট লিঃ এর শিক্ষক সমিতির নির্বাচনে আনোয়ার হোসেন বাচ্চু সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মাছুদ হাসান নির্বাচিত হয়েছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় আবু বক্কর সিদ্দিক সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন। সভাপতি পদে ছাতা প্রতীকে ২১১ ভোট এবং সাধারণ সম্পাদক পদে মই প্রতীকে ২০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্য পদসহ ৫ জন সদস্য প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
মংলায় ৩ বন দস্যুকে আদালতে প্রেরণ
মংলা (বাগেরহাট) সংবাদদাতা: আত্মসমর্পণ করা ৩ বন দস্যুকে অস্ত্রসহ মংলা থানায় হস্তান্তর করেছে র্যাব। শুক্রবার সকালে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে । মংলা থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সুন্দরবনের দুর্ধর্ষ বনদস্যু ফরিদ বাহিনীর প্রধান ফরিদ তার অপর ২ সদস্য জুয়েল ও আসাদ মংলার বৌদ্ধমারী বাজার সংলগ্ন পূর্ব সুন্দরবনের মৃগামারী খাল এলাকায় বৃহস্পতিবার সকালে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যার-৮) এর কাছে আত্মসমর্পণ করে । এ সময় তাদের কাছে থাকা একটি চায়না রাইফেল, টুটু বোর একটি, এক নলা বন্দুক একটি, দেশি বন্দুক দুটি ও ৯৯৪ পিচ বন্দুকের গুলি র্যাবের কাছে হস্তান্তর করে। এদিকে আত্মসর্মপণ করা বাহিনী প্রধান ফরিদ জানায়, সরকার তাদের সাধারণ ক্ষমা করে দিলে তার দলের আরো কয়েক জন সহযোগী ও অন্য দস্যু বাহিনীর সদস্যরা সাধারণ জীবনে ফিরে আসবে।
চাঁদপুরে বিষক্রিয়ায় ১০ লাখ টাকার মাছ বিনষ্ট
চাঁদপুর প্রতিনিধি \ চাঁদপুর শহরতলির বাগাদী খাজা আহমদিয়া নগরীর মত্স্য খামারের একটি বিশাল পুকুরের ১০ লাখ টাকার বিভিন্ন প্রজাতির মাছ বিষ প্রয়োগ করে বিনষ্ট করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ চক্র এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে শুক্রবার সকালে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং বিনষ্টকারী মাছের আলামত সংগ্রহ করে থানায় নিয়ে আসে। পুলিশ ও মত্স্য খামারের বাসিন্দারা জানায়, বেশ কিছুদিন ধরে স্থানীয় একটি সংঘবদ্ধ চোর ও দুর্বৃত্তরা মত্স্য খামারের বিভিন্ন পুকুর ও জলাশয়ে কারেন্ট জাল ব্যবহার করে মাছ চুরি করে আসছিলো। গত কয়েকদিন আগে চোর চক্রের বেশ কয়েকটি কারেন্ট জাল জব্দ করে খামারের শ্রমিকরা। চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক নাজমুল হক কামাল জানান, খবর পেয়ে বিনষ্টকারী মাছের আলামত সংগ্রহ করেছি। অভিযোগের ভিত্তিতে দুর্বৃত্তদের সনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
ফুলবাড়ী সীমান্তে দুই পাচারকারী আটক
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ ভাল কাজের প্রলোভন দেখিয়ে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এলাকা থেকে ফুসলিয়ে দুই তরুণীকে কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে ভারতে পাচার করার সময় পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করেছে বিজিবি। ঘটনাটি ঘটেছে, গতকাল শুক্রবার উপজেলার গজেরকুটি সীমান্তে । উদ্ধারকৃত দুই তরুণীসহ পাচারকারীকে বিজিবি পুলিশে সোপর্দ করেছে। গোবিন্দগঞ্জ চকগোবিন্দ গোহাটিপাড়া গ্রামের তাজুল ইসলামের স্ত্রী ও পাচারকারী চক্রের হোতা যমুনা বেগম (২৮), একই উপজেলার বিষুবাড়ী গ্রামের শাহাজাহান সরকারের কন্যা এবং চক গোবিন্দপাঠানপাড়া গ্রামের বাদশা মিয়ার কন্যাকে ভাল কাজের প্রলোভন দেখিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী গজেরকুটি গ্রামের আব্দার আলীর পুত্র পাচারকারী চক্রের সদস্য আব্দুর রশিদের (৩৫) বাড়িতে নিয়ে আসে । সেখানে গভীর রাতে মোটা অংকের টাকার বিনিময়ে ৯৩৫ নং মেইন পিলারের ৫ নং সাব পিলারের পাশে ভারতীয় দালালদের হাতে তুলে দেয়ার চেষ্টা করলে স্থানীয় জনতার সন্দেহ হয়। তারা বিষয়টি বালারহাট বিজিবি ক্যাম্পে খবর দিলে বিজিবির সদস্যরা আব্দুর রশিদের বাড়ি ঘেরাও করে। এ সময় তরুণীদের স্বীকরোক্তি অনুযায়ী বাড়ির মালিকসহ পাচারকারী যমুনা বেগমকে আটক করে বিজিবি ।
শৈলকুপায় ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবার গুলো সাহায্য পায়নি
ভ্রাম্যমাণ প্রতিনিধি \ ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় কাল বৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাহায্যের জন্য ১০ টন চাল ও নগদ ৪০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। তবে বরাদ্দকৃত চাল ও টাকা ক্ষতিগ্রস্তরা এখনও পায়নি। ৫টি ইউনিয়নে ঝড়ে ৫শ’র বেশি কাঁচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়। ঝড়ে শৈলকুপা পৌরসভা এলাকায় অনেক বাড়িঘর, দোকানপাট বিধ্বস্ত হয়েছে বলে মেয়র কাজী আশরাফুল আজম জানান। শৈলকুপা উপজেলার নির্বাহী অফিসার মহম্মদ আলি প্রিন্স জানান, রবিবারের আগে ত্রাণ সামগী বিতরণ সম্ভব হবে না। এদিকে ক্ষয়ক্ষতির পূর্ণ বিবরণ এখনও তৈরি হয়নি। কৃষিতে কি পরিমাণ ক্ষতি হয়েছে তার বিবরণও তৈরি হয়নি ।
সারিয়াকান্দি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
সারিয়াকান্দি (বগুড়া ) সংবাদদাতা \ উপজেলার কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজীউল হকের বিরুদ্ধে দুর্নীতি অনিয়মের অভিযোগে গতকাল শুক্রবার ওই ইউনিয়ন পরিষদের সদস্যরা সারিয়াকান্দি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। ১১ জন সদস্যের উপস্থিতিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন, চেয়ারম্যানের স্বেচ্ছাচারিতা চরমে উঠেছে । সদস্যদের কোন মতামত না নিয়ে চেয়ারম্যান একক ও মনগড়া ভাবে পরিষদের কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পের কাজ কাবিখা, টি আর, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, এলজিএসপি কাজের ব্যাপক অনিয়মের অভিযোগে পরিষদের সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার ও বগুড়া জেলা প্রশাসকের কাছে অভিযোগ করে চেয়ারম্যানের প্রতি অনাস্থা জানান। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য, হেলাল মণ্ডল, নজরুল ইসলাম, কামরুজ্জামান, রফিকুল ইসলাম, ভুলু প্রাং, হাফিজার রহমান, শাজাহান আলী, মোজাম্মেল হক, সংরক্ষিত আসনের ইউপি সদস্য রত্না হক, লিপি বেগম, লিলি বেগম ।
সেনবাগে দুই যুবলীগ নেতা গ্রেফতার
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা \ নোয়াখালী সেনবাগে দু’ যুবলীগ নেতাকে গ্রেফতারের প্রতিবাদে তাদের সমর্থকরা গতকাল শুক্রবার সেনবাগ-সোনাইমুড়ি প্রধান সড়কের উপজেলার সাতকাড়িয়া ফকিরেরহাট বাজার এলাকায় সড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করেছে। পরে খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে সেনবাগ থানার ওসি মমিনুল ইসলাম বলেন, আদালতের গ্রেফতারী পরোয়ারা বলে তাদেরকে গ্রেফতার করা হয়।
