হিসাব কষতে শুরু করেছে কাউনিয়ার ভোটাররা

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৭
শেষ ধাপের উপজেলা নির্বাচন আগামী ১৯ মে নির্বাচনকে কেন্দ্র করে ভোটের হিসাব-নিকাশ কষতে শুরু করেছে রংপুরের কাউনিয়া উপজেলার প্রায় দেড় লাখ ভোটার। প্রতীক বরাদ্দের পর থেকে প্রার্থীদের পদচারণায় মুখর পুরো উপজেলা। সমর্থকরা হ্যান্ডবিল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তবে, অন্য প্রার্থীরা ব্যস্ত সময় কাটালেও সরকার দলীয় প্রার্থী আলহাজ্ব আনোয়ারুল ইসলাম মায়া আছেন বেশ খোশ মেজাজে। তার মোটরসাইকেল প্রতীকের পক্ষে কাজ করার জন্য প্রতিটি ওয়ার্ডে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠনের কাজ শেষ। তারা নিয়মিত ভোটারদের সাথে বৈঠক করছেন। অপর প্রার্থী অধ্যক্ষ মোফাজ্জল হোসেনের দোয়াত-কলম হয়ে কাজ করছে তার সহকর্মী এবং ছাত্ররা। আর বিএনপি প্রার্থী আলহাজ্ব মাহাফুজার রহমান মিঠু দলীয় নেতা-কর্মীদের নিয়ে নিয়মিত বৈঠক এবং প্রচারণা চালালেও ভোটারদের মাঝে তেমন কোনো সাড়া ফেলতে পারেনি। কমরেড রফিকুল ইসলামের আনারস প্রতীক নিয়ে কাজ করছে ক্ষেতমজুরসহ বামপন্থী ও এলাকার নেতা-কর্মীরা। জাতীয় পার্টির প্রার্থী সামছুল আলম ভরসার কাপ-পিরিচ মার্কা নিয়ে সাধারণ নেতা-কর্মীরা যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে। আ’লীগের বিদ্রোহী প্রার্থী বহিষ্কার উপজেলা আওয়ামী লীগের সদস্য ও কাউনিয়া কলেজের অধ্যক্ষ মোফাজ্জল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। দলীয় সিদ্ধান্ত ও শৃঙ্খলা ভঙ্গের কারণে তাকে বহিষ্কার করা হয় বলে জানা গেছে।