বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৭
ফরিদপুরের কোমরপুরে দু’জনসহ দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। ফরিদপুর:করিমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরিফ খান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস রাত সাড়ে ৩টার দিকে কোমরপুর মুসলিম মিশনের কাছে এসে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হয়। এসময় আহত হয় আরো দু’জন। আহতদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন: এস মাহাবুবুর রহমান ও গোলাম মোস্তফা রহমান। শেরপুর: ঝিনাইগাতী-শেরপুর সড়কের ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজারে গতকাল শুক্রবার সকালে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জনি বর্মণ (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। জনি বর্মণ চেঙ্গুরিয়া গ্রামের শ্রী ধর্ম বর্মণের পুত্র এবং চেঙ্গুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্র। স্কুলছাত্র নিহতের পর উত্তেজিত গ্রামবাসী সড়ক অবরোধ করে রাখে। পরে ৩ ঘন্টা পর যানচলাচল শুরু হয়। সিরাজগঞ্জ:সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলার চালা বাসস্ট্যান্ডে বাসের চাকায় পিষ্ট হয়ে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মোহাম্মদ আলী (১৪) বেলকুচি উপজেলার বেলীর চর গ্রামের আব্দুল করিমের ছেলে। বেলকুচি থানার ওসি আব্দুল হাই জানান, শুক্রবার সকালে মোহাম্মদ আলী সাইকেলযোগে চালাবাজারে আসে। সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি ফেরার জন্য সে সড়কে উঠলে এনায়েতপুরগামী সুমাইয়া এন্টারপ্রাইজের একটি বাস তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এ সময় সে ঘটনাস্থলেই নিহত হয়।