বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার সন্দিপ মিত্র বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের বন্ধুপ্রতীম সম্পর্ক দীর্ঘদিনের। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে অবস্থিত মুক্তিযুদ্ধের বিভিন্ন ভাস্কর্য দেখলেই তা বোঝা যায়। গতকাল শুক্রবার বেলা এগারটায় মেহেরপুর মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স ঘুরে দেখার সময় তিনি এ কথাগুলো বলেন। এ সময় তিনি কমপ্লেক্সের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অরুণ কুমার মন্ডলসহ সরকারি কর্মকর্তারা তাঁর সাথে উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গার দামুড়হুদার সংবাদদাতা জানান, গতকাল শুক্রবার বেলা ১২ টায় তিনি চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন ও চেকপোস্ট পরিদর্শন করেন। এ সময় তিনি সীমান্ত পেরিয়ে ভারতের গেঁদে চেকপোস্ট ইমিগ্রেশনে যান এবং ঢাকা-কলকাতা চলাচলকারী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের খোঁজ-খবর নেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের জানান, দর্শনা-গেঁদে রুট দিয়ে দু’দেশে ভ্রমণকারী পাসপোর্টধারী যাত্রীদের জন্য সুবিধাদি আরো বাড়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল এসএম মনিরুজ্জামান, কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল, দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন মাস্টার লিয়াতক আলী ও দর্শনা ইমিগ্রেশনের ইনচার্জ এস আই শেখ মাহবুব।
