উখিয়ার ঘেরে ভাইরাসে মারা যাচ্ছে চিংড়ি

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৮
উখিয়ার অধিকাংশ ঘেরে ভাইরাস ও হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে বাগদা চিংড়ি মারা যাচ্ছে। ঘের মালিকরা প্রাণপণ চেষ্টা করেও কূল-কিনারা করতে না পারায় হতাশ হয়ে পড়েছে। মত্স্য কর্মকর্তা বলছেন তাপমাত্রা বৃদ্ধির কারণে পানির গভীরতা কমে যাওয়ায় চিংড়ি মারা যাচ্ছে। স্থানীয় চাষী আলতাজ আহমদ জানান, উপর্যুপরি কয়েক বছর ভাইরাসজনিত কারণে বাগদা চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ায় চাষীরা সর্বস্বান্ত হয়ে পড়েছে। পালংখালী মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি মো: সেলিম উল্লাহ জানান, অধিকাংশ গরীব চাষী জমি লগ্নি থেকে শুরু করে পোনা অবমুক্ত করা পর্যন্ত ধার দেনা করে লাখ লাখ টাকা পুঁজি বিনিয়োগ করেছেন। ভাইরাসজনিত কারণে কোটি কোটি টাকার মাছ মারা যাওয়ার ফলে ঘের মালিকেরা চিংড়ি চাষাবাদে নিরুত্সাহ হয়ে পড়েছে। মত্স্য কর্মকর্তা মশিউর রহমান জানান, ভাইরাসের পাশাপাশি হিটষ্ট্রোকে আক্রান্ত হয়ে চিংড়ি মাছ মারা যাচ্ছে। তিনি বলেন, তাপমাত্রা বৃদ্ধির জন্য ঘেরে পানি ধরে রাখা যাচ্ছে না। ফলে হিটষ্ট্রোক রোগে আক্রান্ত হচ্ছে।