বিরামপুরে ইয়াবা ঠেকাতে ডিবির অভিযান

আপডেট : ০৯ মে ২০১৪, ২২:০৯
বিরামপুরসহ পার্শ্ববর্তী এলাকায় ইয়াবা ট্যাবলেটের আগ্রাসন ঠেকাতে দিনাজপুরের ডিবি পুলিশ মাঠে নেমে ৪ দিনের মধ্যে বিপুল পরিমাণ ইয়াবাসহ ৩ ব্যবসায়ীকে আটক করেছে। ডিবির অভিযানে যুবসমাজের অভিভাবকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে। আর মাদক ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতংক। জানা গেছে, বিরামপুর এলাকার যুবসমাজের মধ্যে ইয়াবা ট্যাবলেট ছড়িয়ে দিতে সম্প্রতি একটি মহল তত্পরতা শুরু করেছে। এ গোপন সংবাদ পেয়ে দিনাজপুর ডিবির ওসি রেদওয়ানুর রহিম ও উপ-পরিদর্শক বজলুর রশীদের নেতৃত্বে বিশেষ দল অভিযান শুরু করেন। তারা গত মঙ্গলবার সন্ধ্যায় বিরামপুর জেলখানা এলাকা থেকে মাহফুজা বেগমকে (৩০) আটক করে তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৭৪ পুরিয়া হেরোইন উদ্ধার করেন। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ১০৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ মির্জাপুর গ্রামের আশরাফুল ইসলামকে আটক করেন। গতকাল শুক্রবার দুপুরে অপর এক অভিযানে তারা দেবীপুর গ্রাম থেকে ১৪২ বোতল ফেন্সিডিলসহ ফারুক হোসেনকে আটক করেছেন। সকল আসামিকে বিরামপুর থানায় সোপর্দ করা হলে থানা পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর তাদেরকে দিনাজপুর জেল-হাজতে পাঠিয়েছে।