বেড়া (পাবনা) সংবাদদাতা
বেড়া উপজেলার ৪নং চাকলা ইউনিয়নে কাগেশ্বরী নদী পারাপারের একমাত্র অবলম্বন বাঁশের সাঁকো। জীবনের ঝুঁকি নিয়ে ৩০ বছর ধরে হাজার হাজার মানুষ এই সাঁকো দিয়ে নদী পার হচ্ছেন।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের খাকছাড়া গ্রামে কাকেশ্বরী নদীর উপর নির্মিত প্রায় ৮০ মিটার দৈর্ঘ্য বাঁশের সাঁকোটি ৩০ বছর আগে থেকেই এলাকাবাসী চাঁদা উত্তোলন করে নির্মাণ করে। সে থেকে প্রতিবছরই সাঁকোটি সংস্কারের জন্য চাঁদা তুলতে হয়। প্রতিদিনই শত শত মানুষের পারাপার সাঁকো দিয়ে। এপারে কৃষকদের ওপারে জমি চাষ, ফসল আনা-নেয়া করতে ব্যাপক সমস্যা হয়। বর্ষাকালে পানি প্রবাহ বৃদ্ধি পেলে ভোগান্তি দ্বিগুণ হয়।
চাকলা ইউনিয়নের চেয়ারম্যান মো. ফারুক হোসেন বলেন, প্রতিদিন শত শত মানুষ ও শিক্ষার্থী নিজেদের প্রয়োজনে এই সাঁকোটি দিয়ে নদী পারাপার হচ্ছেন। ওখানে প্রায় দু’শ’ পরিবারের বসবাস। আমি জনগুরুত্বপূর্ণ এই সাঁকোটির স্থলে একটি ব্রিজ নির্মাণের জন্য ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি জানিয়ে এসেছি। বেড়া উপজেলা প্রকৌশলী আ. কদ্দুস বলেন, ঐ স্থানের দুই কিলোমিটারের মধ্যে একটি ব্রিজ রয়েছে। নিয়ম অনুযায়ী এত ঘন ঘন ব্রিজ দেয়া হয় না। বাকিটা কর্তৃপক্ষের ব্যাপার।
