প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর একে অপরের বিরুদ্ধে প্যাটেন্ট নিয়ে যুদ্ধ নতুন কিছু নয়। গত কয়েকবছরে স্যামসাং আর অ্যাপল পরস্পরের বিরুদ্ধে মামলা দিয়েই প্রযুক্তিবিশ্বের খবরের শিরোনাম হয়েছে বহুবার। তবে এর মধ্যে আরও বেশকিছু প্রতিষ্ঠান পরস্পরের বিরুদ্ধে মামলা চালিয়ে গেছে। এর মধ্যে প্রযুক্তিবিশ্বের আগ্রহের অন্যতম কেন্দ্রবিন্দুতে ছিল গুগল এবং ওরাকলের মধ্যে চলমান মামলাটি। বছর ধরে চলা এই মামলার একটি রায় সম্প্রতি প্রদান করেছে আদালত। আর তাতে গুগলের বিরুদ্ধে প্যাটেন্ট ভঙ্গের অভিযোগে জরিমানা প্রদানের নির্দেশ প্রদান করেছে আদালত। গুগলের জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড তৈরির সময় ওরাকলের জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজের প্যাটেন্ট ভঙ্গ করা হয়েছে বলে জানিয়েছে আদালত। এই রায়ে খুশি হতে পারেনি গুগল। এক প্রতিক্রিয়ায় গুগল জানিয়েছে, ‘এই রায়ে আমরা হতাশ। কম্পিউটার বিজ্ঞান এবং সফটওয়্যার উন্নয়নের জন্য এটি ক্ষতিকর একটি দৃষ্টান্ত। আমরা বর্তমানে আমাদের হাতে থাকা সম্ভাব্য সুযোগগুলো খুঁজছি।’ গুগল ছাড়াও প্রযুক্তি বিশেষজ্ঞরাও এই রায়ে খুশি হতে পারেননি। এই মামলায় অ্যান্ড্রয়েড তৈরির সময় জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ অনুমতি ছাড়াই ব্যবহার করা হযেছে বলে অভিযোগ করে ওরাকল। প্রকৃতপক্ষে এসময় জাভার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস (এপিআই) যুক্ত করে দেওয়া হয় অ্যান্ড্রয়েডে যাতে করে জাভা ব্যবহার করে তৈরি অ্যাপ্লিকেশনগুলোকে সহজেই অ্যান্ড্রয়েডে ব্যবহার করা যায়। ওরাকলের দাবি, এই এপিআই কপিরাইটের আওতায় ছিল। শুরুতে আদালত এপিআইকে কপিরাইটের আওতার বাইরে রাখলেও পরে একে কপিরাইটের আওতাধীন বলে ঘোষণা করা হয়। এপিআই মূলত একাধিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজের মধ্যে সেতুবন্ধনের একটি উপায়, যা সাধারণত বিনামূল্যে বিতরণ করা হয়। কিন্তু আদালত এপিআইকে কপিরাইটের আওতাধীন ঘোষণা করায় তা প্রযুক্তি বিশ্বের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়াবে বলে মন্তব্য প্রযুক্তি বিশ্লেষকদের। কপিরাইট বিশেষজ্ঞরাও এই রায়কে অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য হুমকিস্বরূপ বলে মন্তব্য করেছেন।
