বিটস ইলেক্ট্রনিক্সের দিকে নজর অ্যাপলের

আপডেট : ১০ মে ২০১৪, ২০:৩৩
টেক জায়ান্ট অ্যাপলের নজর এবার পড়েছে বিটস ইলেক্ট্রনিক্সের দিকে। উন্নতমানের হেডফোন নির্মাতা হিসেবে বিটসকে অপ্রতিদ্বন্দ্বী বলে অভিহিত করে থাকেন প্রযুক্তিবোদ্ধারা। প্রযুক্তি বিষয়ক বিভিন্ন মিডিয়ার খবরে প্রকাশ, বিটস ইলেক্ট্রনিক্সকে কেনার জন্য জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে অ্যাপল। এর জন্য ৩.২ বিলিয়ন বা ৩২০ কোটি ডলার খরচ করতেও প্রস্তুত অ্যাপল। ধারণা করা হচ্ছে, আগামী সপ্তাহের মধ্যেই এই সংক্রান্ত চুক্তিস্বাক্ষরের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে অ্যাপল। আর সেটা হলে এটিই হবে অ্যাপলের জন্য সবচেয়ে বেশি অর্থ খরচ করে কোনো প্রতিষ্ঠানকে কিনে নেওয়ার ঘটনা। মিউজিক অ্যাকসেসরিজ এবং অনলাইন মিউজিক স্ট্রিমিংয়ে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতেই অ্যাপল এই উদ্যোগ গ্রহণ করেছে বলে ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সংগীত প্রযোজক জিমি লোভিন এবং হিপ-হপ তারকা ড. ড্রে যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করেন বিটস। তাদের হেডফোনগুলো বিনাপ্রশ্নে কিনতেও দ্বিধা বোধ করেন না সংগীতপ্রেমীরা। অন্যদিকে আইপড আর আইটিউনস দিয়ে সংগীত জগতে অ্যাপলও প্রায় অপ্রতিদ্বন্দ্বী। এই দুই শীর্ষ প্রতিষ্ঠানের একত্রিত হওয়া সংগীতপ্রেমীদের জন্য চমত্কার কিছুই হয়তো নিয়ে আসবে।