আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত সন্দেহভাজন জঙ্গিরা ইয়েমেনের প্রেসিডেন্ট প্রাসাদে হামলা চালিয়েছে এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রীর গাড়ি বহরে হামলা চালিয়ে মন্ত্রীকে হত্যার চেষ্টা করেছে। এ ঘটনায় জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে চার ইয়েমেনি সেনা নিহত হয়েছেন। শুক্রবার দেশটির রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদের সদর দরজায় হামলা চালায় জঙ্গিরা।
এ সময় নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত সেনাদের সঙ্গে জঙ্গিদের ঘন্টাব্যাপী লড়াই চলে। দু’বছর ধরে ইয়েমেনি জঙ্গিদের বিরুদ্ধে সেনাবাহিনীর সবচেয়ে বড় অভিযানের প্রতিক্রিয়ায় দেশটির সর্বোচ্চ পর্যায়ে জঙ্গিরা হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার পর সানার সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেয়া হয়। রাজধানীতে প্রবেশের সবগুলো পথে তল্লাশি চৌকি বসানো হয়।
এই ঘটনার বিষয়ে তাত্ক্ষণিকভাবে ইয়েমেনের শীর্ষ কর্মকর্তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সাবা জানিয়েছে, “সন্ত্রাসী গোষ্ঠী নিরাপত্তা বাহিনীর টহল যানে হামলা চালিয়ে তিন নিরাপত্তা সদস্যকে হত্যা করেছে।”
এ ঘটনার কিছুক্ষণ পর সানায় ইয়েমেনের গোয়েন্দা সংস্থার ব্যবহূত একটি ভবনের কাছে একটি বিস্ফোরণ ঘটানো হয়। তবে এই বিস্ফোরণ সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। অপরদিকে দেশটির দক্ষিণে শাবা প্রদেশে প্রতিরক্ষামন্ত্রী মুহাম্মদ নাসির আহমদের গাড়ি বহরে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করেছে জঙ্গিরা।
তবে হামলা থেকে রক্ষা পেয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নাসির। এই হামলার পর ইয়েমেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রীর গাড়ির কাছে গুলির শব্দকে ‘উদযাপনের জন্য ছোঁড়া গুলি’ বলে দাবি করেছে।
