অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক নারী

আপডেট : ২৫ মে ২০১৯, ২১:৪৮

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা

হোমনায় শনিবার অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সর্বস্ব খোয়ালেন এক নারী। ভুক্তভোগী নারীর নাম হাওয়া বেগম। তিনি উপজেলার নিলখি গ্রামের মো. আলাউদ্দিনের স্ত্রী।

হাওয়া বেগম জানান, ঈদের কেনাকাটা করার জন্য হোমনা বাজারে এসে তিনি কফিল উদ্দিন গার্লস স্কুলের গেটের সামনে দাঁড়ান। এ সময় তিনজন ছেলে তাকে স্কুলের গেটের ভিতর থেকে ডাক দিলে তিনি ভিতরে যান। তারপর একটি ছেলে তার হাতে একটি লবণের পোটলা দেয়। পোটলা হাতে নেওয়ার পর তিনি নিজে থেকে তার মানিব্যাগ খুলে নগদ ১২ হাজার টাকা, কান ও গলায় থাকা স্বর্ণের জিনিসগুলো তাদেরকে দিয়ে দেন। পরে ছেলেগুলো সেগুলো নিয়ে চলে যাওয়ার পর তিনি চিত্কার করতে থাকলে লোকজন জমা হয়। পরে উপস্থিত লোকজনদেরকে তিনি বিষয়টি বললেও ওই তিন ছেলেকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। তিনি বলেন, আমার হাতে লবণের পোটলা নেওয়ার পর কেনো তাদেরকে নিজে থেকে টাকা ও স্বর্ণালংকার দিলাম বুঝতে পারতেছি না।

থানার ইন্সপেক্টর কাজী নাজমুল ইসলাম আরো বলেন, কেউ যাতে অপরিচিত লোকজনের কোনো জিনিস এভাবে হাতে না নেয় এবং অপরিচিত লোকজনের দেওয়া কোনো কিছু না খাওয়ার অনুরোধ করছি।