ঝিনাইগাতীতে মুসলিম স্থাপত্যের নিদর্শন খান বাড়ি মসজিদ

আপডেট : ১০ মে ২০১৪, ২২:০৪
ঝিনাইগাতী উপজেলায় মুসলিম স্থাপত্যের ঐতিহাসিক প্রাচীনতম নিদর্শন খান বাড়ি জামে মসজিদ। এ মসজিদটি শেরপুর জেলা সদর থেকে ১২ কিলোমিটার উত্তরে ঝিনাইগাতী উপজেলার হাতিবান্দা ইউনিয়নের ঘাগড়া লস্করপাড়া গ্রামে অবস্থিত। অপূর্ব নকসা কারুকার্য সমৃদ্ধ মুসলিম স্থাপত্যের প্রাচীনতম নিদর্শনটি আজো বিদ্যমান রয়েছে। স্থানীয় প্রবীণ লোকজন ও ইতিহাস সূত্রে জানা যায়, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা পলাশির যুদ্ধে পরাজিত তার যুদ্ধরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে থাকে। আর আজিমোল্লাহ খান নামে এক যুদ্ধা এখানে এসে স্থায়ী ভাবে বসবাস শুরু করেন। তিনি এ মসজিদটি প্রতিষ্ঠা করেন। তিনি পালিয়ে এসে এখানে বসবাসের কারণে তার আরেকটি নাম ছিল পলায়ন খা। মসজিদটির সামনে স্থাপনের তারিখ ১২২৮ হিজরী। পরবর্তীতে মসজিদটি পুনঃসংস্কারের সময় নেম প্লেটে আজিমোল্লাহ খানের ২ পুত্র আফজাল খান ও গোলাপ খানের নাম লেখা রয়েছে। মসজিদটি নির্মাণ শৈলী মনোরম। ইহা প্রাচীন মুসলিম স্থাপত্য শিল্পের অনুপম নিদর্শন। এ মসজিদ বর্গাকারের, যার দৈর্ঘ্য ২৭ ফুট, প্রস্থও ২৭ ফুট। পূর্বদিকে একটি মাত্র প্রবেশ পথ। উপরে পূর্ণ ছাদই একটি মাত্র গম্বুজ দ্বারা তৈরি। এছাড়া ৪ কোণে ৪টিসহ মোট গম্বুজ সংখ্যা ১২টি। গম্বুজগুলো নিপূণভাবে তৈরি। বর্তমানে মসজিদ পরিচালনার জন্য একটি কমিটি রয়েছে।