টাঙ্গাইলের সখীপুরের অপহূত ব্যবসায়ী আবদুল বারীকে (৪৫) উদ্ধারের দাবিতে গতকাল শনিবার ব্যবসায়ী, শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে কচুয়া বাজার বাসস্ট্যান্ডে সমাবেশ করে। সমাবেশে বণিক নেতা শামছুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, সখীপুর উপজেলা ভাইস চেয়ারম্যান সবুর রেজা, শিক্ষক সমিতির সভাপতি শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক এসএম কামরুল হাসান, তোলা মিয়া, রবিউল ইসলাম, আবদুল আলীম, খন্দকার এমএ জলিল, আব্বাছ শিকদার, ইউপি সদস্য শামছুল আলম, নুরুল ইসলাম, দুলাল শিকদার প্রমুখ। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে অপহূত ব্যবসায়ীকে উদ্ধারের দাবি জানিয়ে পরবর্তীতে কঠোর কর্মসূচির ঘোষণা দেন। প্রসঙ্গত, গত ৬ মে রাত সাড়ে ৮টায় উপজেলার কালিয়া ঘোনার চালা বাজারের ধনাঢ্য ব্যবসায়ী আবদুল বারী মিয়া অপহূত হন।
