বগুড়ার আদমদীঘির এক হিন্দু পরিবারের দশম শ্রেণিতে পড়ুয়া ছাত্রীকে ইচ্ছার বিরুদ্ধে ফুসলিয়ে অপহরণ সংক্রান্ত ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করলেও অপহূত স্কুল ছাত্রীকে দীর্ঘ প্রায় দেড় মাস পার হলেও গতকাল শনিবার পর্যন্ত উদ্ধার বা প্রধান অপহরণকারী নাজমুলকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ ।
এ ব্যাপারে মামলার তদন্তকারী অফিসার এসআই সুব্রত জানায়, অপহরণ মামলায় নাজমুল, নাছিমা নজরুল ও আজিজারকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে আজিজার জামিনে আছে। অন্যরা জেল হাজতে রয়েছে।
আদমদীঘির দত্তবাড়ীয়া গ্রামের শ্রী অনিল চন্দ্র দেবনাথের কন্যা সাওইল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির স্কুল পড়ুয়া ছাত্রী প্রতিদিন স্কুলে যাতায়াতের সময় সাওইল দক্ষিণপাড়ার নজরুল ইসলামের পুত্র নাজমুল হক (২২) প্রায়ই বিয়ের প্রস্তাব দিত। স্কুলছাত্রী নাজমুলের প্রস্তাব প্রত্যাখ্যান করলে গত ৩ এপ্রিল সকালে ছাত্রী স্কুলে যাওয়ার পথে বাসুদেব পাড়ার নওজান পুকুর পাড়ের পশ্চিম পার্শ্বের রাস্তায় পৌঁছলে অপহরণকারী ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় ছাত্রীর পিতা বাদী হয়ে গত ৪ এপ্রিল থানায় নাজমুলকে প্রধান করে একটি অপহরণ মামলা দায়ের করেন।
